Wednesday, April 18, 2018

নিশ্চুপের বাক্যালাপ

ধরে নে পূর্ণা, দ্যাখা হলো  দীর্ঘ অথবা স্বল্প আগামী তে, হয়তোবা কালই।
কি ঘটবে বলতো তাতে?
চূড়ান্ত নালেঝোলে মাখা আহাম্মকি কিছু করব আমি, বা তুইই কি?
দুই অজন্মা হাড়হাভাতে!

নাহ, মনের শরীর বয়স্কা হয়েছে রণ, নিপুণ শৈল্পিক দক্ষতা জন্মেছে আড়াল করার।
রাগ থেকে রিরংসা,
ক্ষোভ থেকে ক্ষিপ্ততা,
প্রেম থেকে অভিমান,
দাবী থেকে চাহিদা
সব সব সব...
আবডালে রাখি আমি।
মধ্যবিত্ত গৃহস্থের ঢলোঢলো গৃহিনী।
কোয়েলের মোড়কে হাড়গিলে গৃধিনী!

(তুই হেঁট মুন্ডু পায়ের নখে মাটি খুঁড়তিস আর আমি ঊর্ধমুন্ডু নারকোল পাতায় লটকানো মেঘের টুকরো গুণতাম।
তবু আমরা পরস্পর কে ছুঁয়েই রইতাম, নির্জলা তৃষ্ণা আর নিস্ফলা অঙ্গীকার আকণ্ঠ ধারণ করতাম, মনে আছে?)

(তোর লড়ঝড়ে সাইকেলটার মতোই আমাতে একচোখা ছিলি বড়ো, দুর্নিবার একরোখাও। ক্ষীর গুমোরে নাকের পাটা ফুলতো আমার, আবার  ঘাম জমতো তেলোতে তোর দস্যিপনার ডরে। মনে পড়ে?)

কিছু বললি?
নাতো?
তুইকি কিছু?
নাহ।...
...ভ্রাম্যভাষ স্তব্ধ।

...ওরা নিশ্চুপের বাক্যালাপে মগ্ন।
সব কথা কি ঠোঁট নেড়ে বলা যায়...

তুই এলিনা!

সব ভিজে যাচ্ছে রণ! সব সব সবটা ভিজছে।

ভোর থেকে দুপুর, আলসে থেকে উঠান, কেয়ারি থেকে আগাছা, বেড়াল থেকে দাঁড়াশ, সাইকেল থেকে ল্যাম্প পোষ্ট, কুমুদিনী থেকে আত্মদীপ
প্রকৃতি ভিজেই চলছে!
অহং থেকে  অভিমান, লালসা থেকে প্রেম, গ্লানি থেকে তৃপ্তি, হাঁটা থেকে পিছুটান, ন্যাকামি থেকে ফুসলানো, ঘৃণা থেকে চাহিদা
পুরুষ ভিজেই চলছে!

সব্বাই মরে যাচ্ছে রণ, আকণ্ঠ মরেই যাচ্ছে।

কি অকুণ্ঠ ভালোলাগায় কি উদ্দাম ভালোবাসায়
তীব্রতম আশ্লেষে বৃষ্টি খিঁমচে
ভিজতে ভিজতে চুপ্পুর মরণ সব্বার!

আমি যতটা শুকনো ততটাই শুকনো থেকে গেলাম।
আজও। আজকেও।

তুই এলিনা। ...

বনলতা ও মেয়েটি

বনলতা: (যথারীতি যেভাবে তাকান সেভাবে তাকিয়ে) অ্যাই মেয়ে শোনো, তুমিই না...?

মেয়েটি: হ্যাঁ, ...আমিই সেই।

বনলতা: হা ঈশ্বর! নিশ্চয়ই আজ "আমি নিদালির আঁখি, নেশাখোর চোখের স্বপন! মানুষ দেখেনি মোরে কোনদিন, - আমাকে চেনেনি।" নইলে কোন স্পর্ধায় সে তোমার চোখে...যাক, "হরিণ খেয়েছে তার আমিষাশী শিকারীর হৃদয় ছিঁড়ে।"

মেয়েটি: এভাবে বলবেন না প্লিজ। আপনি "নিবিড় রমণী তার জ্ঞানময় প্রেমিকের খোঁজে" এসে আমায় দেখলেন "আবহমানের ভাঁড় এসেছে গাধার পিঠে চড়ে", দ্যাটস ইট। আপনি তো জানেন, "হৃদয়ের নয় - তবু হৃদয়ের নিজের জিনিস হয়ে তুমি রয়ে গেছো।"

বনলতা: হয়তো ...আসলে কি জানো "নিজেকে স্বাধীন বলে মনে করে নিতে গিয়ে তবু মানুষ এখনো বিশৃঙ্খল।" যাক, "ঢের ছবি দেখা হলো - ঢের দিন কেটে গেল - ঢের অভিজ্ঞতা জীবনে জড়িত হয়ে গেলো, তবু..."

মেয়েটি: "তবুও ভ্রমে লীন হওয়াও কঠিন", তাইনা?

বনলতা: ঠিক। "কাঁদছে পাখি পৌষ নিশির তেপান্তরের বক্ষে, ঘুম নাহি আজ চাঁদের চোখে, নিদ নাহি মোর চক্ষে!"

মেয়েটি: ফিরে যান আপনি। এখানে ঘুমোতে হলে এর মধ্যেই ঘুমোতে হবে। "এখন কিছুই নেই - এখানে কিছুই নেই আর, অমল ভোরের বেলা রয়ে গেছে শুধু।"

বনলতা: "অনেক পুরোনো দিন থেকে উঠে নতুন শহরে আমি আজ দাঁড়ালাম এসে", তাই হয়তো ..."তবু এই পৃথিবীর জীবনই গভীর।" আজও। আচ্ছা, আমি তাহলে চলি কেমন? যেমনই হোক, "গাহি মানবের জয়! কোটি কোটি বুকে কোটি ভগবান আঁখি মেলে জেগে রয়।"

মেয়েটি: হ্যাঁ, আসুন। ভালো থাকার চেষ্টা করবেন। আর আমি অপেক্ষায় থাকি "যা হয়েছে - যা হতেছে - এখন যা শুভ্র সূর্য হবে, সে বিরাট অগ্নি শিল্প কবে এসে আমাদের ক্রোড়ে কোরে লবে।"...

বারণ আছে।

দিনেরা বড্ড বকবক করে, রাতেরা অনেক গল্প বলে। সাধারনতঃ।
এক একটা অন্যময় রাত আবার নিজেই গড়ে অনিন্দ্য গল্পের মেঘময় শরীর নিজের গোটা স্বপ্নালু অস্তিত্ব দিয়ে।
আর সেই রাত কিন্তু সবটা, সবটা শোনায় নিঃসাড়ে। মিশমিশিয়ে। ফিসফিসিয়ে।
শোনায় নাকি দেখায় নাকি সর্বস্ব ছুঁয়ে দেয় গল্প বুলিয়ে?
জড়িয়ে নেয়, মিশিয়ে নেয়, মাখিয়ে নেয় অবলীলায়।
এরপর...
অনুভূতির উঠোনে এসে দাঁড়ায় আপাত অলীক এক মোহময় মায়াময় অপার চরাচর।
নীল নীল আরও আরও নীল
এই ডুবছি এই ভাসছি
এই দেখছি এই হারাচ্ছি
অথই পাথার নীলাভ আলোর
পালক পালক নীলাভ মেঘের
তারপর ...
বলবো না!
বারণ আছে!!

কবে বুঝবি বল?

দিতে পারো ওই এক কুশী কাকচক্ষু মরম জল?
ধ্রুবশুভ্র চন্দনগন্ধী।
ঠোঁটের কষ ছুঁয়ে নামলো যা এক্ষুনি।
কথা দিচ্ছি।
মুহূর্তে বিলিয়ে দেবো অতৃপ্তির আযৌবন অহংকার।
নতজানু পরিতৃপ্ত একান্ত প্রেম হবো।
একবার।
আরেকবার।
অন্তিমবার।

রুধির তো তীরের পিপাসা মেটায়।
কিন্তু তৃষ্ণা যে তূণীরেরও থাকে সুপূর্ণা।
তুই কবে সেটা বুঝবি বল?

তোমরা শুনবে?

নদীর আদৃত নিয়তি বয়ে চলা।
সে বিনা আয়াসেই হোক বা বহুল প্রয়াসে,
দারুণ তরাসেই হোক বা ঈষৎ আভাসে,
অন্তঃসলিলা কিম্বা আন্তঃসলিলা।

সুখে বয়ে চলা, শোকে বইয়ে চলা।

কিন্তু সভ্যতা এই গতির বন্দন বরদাস্ত না করে তাকে বন্দিনী বানাবার প্রচেষ্টায় অনুপল খামতি রাখেনা।
আর গোলটাও তখনই বাধে যখন বাঁধের বাঁধনে সে আর কোনো মতেই এক লহমাও বাঁধা থাকেনা।

তীব্র বয়ে চলা, তীক্ষ্ণ বইয়ে চলা।

সভ্যতা আদতে পৌরুষত্ত্বের এক উড্ডীয়ান ঝান্ডা বৈ আর কিছু তো নয়,
কিন্তু  নদীও যে আদ্যোপান্ত নারী। আর নারী মাত্রেই যে সে রাধারানী হয়।

টানে বয়ে চলা, প্রাণে বইয়ে চলা।

জগতের কোনো আয়ান ক্ষমতা ধরেনি কক্ষনো বৃষভানু কন্যা কে রোখার।
পার্থিব শিকলি কে অপার্থিব টিকলি বানিয়ে বিনোদিনী চির দুর্নিবার।

উড়িয়ে বয়ে চলা, তুড়িয়ে বইয়ে চলা।

তারপর একদিন কানু নদ চলে মথুরায়,
নদীটিরও স্রোত তিলে তিলে হয় অধরা।

অভ্যস্ত বয়ে চলা, একঘেয়ে বইয়ে চলা।

আজ নদ ও নদীর গল্প বলবো , শুনবে?

বয়সের ভারে ন্যুব্জ শরীর শুকনো
মনের আঙিনা পিয়াসী বড্ড রুগ্ন।
স্রোতস্বিনীর জিয়ন ও যাপন যোবনে
স্মৃতির উজানে বৈঠা বাইবো সৃজনে।

আমি যদি বলি, বলোনা তোমরা শুনবে?

এসেছিল

নিজেকে শোনা হয়না বহুদিন।
এঁকে ওঁকে তাঁকে শুনতে এবং বুঝতে আর বুঝতে এবং শুনতে...আর জানতে এবং যুঝতে,
এই ওই সেই ইত্যবসরের ইত্যাদিগুলোতেই
অনুপল থেকে অনাদি অবধি কাবার।
নাহ্,
আজ আমি পাশটায় শোয়াবো, নিজেকে।
আজ আমি শুনবো শোনাবো , নিজেকে।
তারপর ...
গলা জড়িয়ে ঘুম পাড়াবো, নিজেকে।
ঘুমিয়েছে...
এরপর
ঘুমিয়েছি ভাববো নিজেও।
মিছিমিছি...
আসলে, সেই সে রাত টা না এলে কি সেই সে ঘুম টা আসতে পারে বা আসতে চায়?
শোনা কিম্বা শোনানোগুলোও কি হয়,
আদৌ?
রাতটা আবার কবে আসবে সুপূর্ণা?
রাতটা সেবার কবে এসেছিল রণজয়?