Monday, April 30, 2018

কেবল মানুষজন পায়না

কালবোশেখী বাতাসে শীর্ণ একমাত্রিক শরীরের তীব্র এতোল বেতোল ঘূর্ণন।
হলোই বা অকাজীয়া অথবা অকর্মণ্যেই স্রেফ ভরাট,
ঘষটে ছেঁচড়ে যাওয়া আধছেঁড়া খামের কাতশোয়া বারিষ যাপন।

আলোকালোতে দাবাছকী বারান্দায় ছাওয়া একের পর এক ঘরেরা বিরাট।
হলোই বা ভুল অথবা নেই ঠিকানার গিল্টি আভরণ,
তাদের সর্বাংশ জুড়ে খেয়ালগেঁড়ে রাশীকৃত বক্তব্যেরা মিঠিয়া স্বরাট।

ঋণসঞ্চয়ী হোক বা না হোক,
স্পর্শপ্রত্যাশী থাক বা না থাক,

দিনমানে ঘড়িঘর রাতবিরেতে বাতিঘর হয় আশ্বাসী পাহারায়।
মৃত অথবা প্রত্যাখ্যাত চিঠিপত্রও একটা অন্তত আশ্রয় পায়।

কেবল মানুষজন পায় না।

কিস্যু হবে না

চেনা ছিল আর জানা হলোর মধ্যবর্তী যাপন বেশ রোমাঞ্চকর, নয়?

তাঁরা জেগে আছেন তাই আমরা শান্তি স্বস্তিতে কোলবালিশ নিয়ে বা ভেবে নিয়ে ঘরগেরস্তে ঘুমোতে পারি, এটাই চেনা ছিল।
তারা স্রেফ ঝাঁঝরা করেন দশের গুণিতকে বেশ কয়েকটি নির্দোষ ভূমিপুত্রের প্রাণ বিশ্রীভাবে মহোল্লাসে, এইটা জানা হলো।

মৃত্যুর কল্পনা প্রত্যেকের যা থাকে তা একরকম শ্বেত শুভ্র পবিত্র শোকাবহ রজনীগন্ধাময় ব্যাপার স্যাপার, এটাই চেনা ছিল।
মৃত্যুর বাস্তবায়ন কখনো জরাসান্ধিক হতে পারে এমনকি তা অপরাধের অস্তিত্ব তিলার্ধমাত্র না থাকলেও, এইটা জানা হলো।

ধ্যুর।
লিখে ফিকে কিস্যু হবে না।
চেনা এবং জানা...হলো।

Monday, April 23, 2018

প্রেম কাকে বলা চলে?

অনেকসময় এক দু ফোঁটা আসমানি জল ছুঁয়ে যায় ধরিত্রীর খাবলাটে ফুটিফাটা বুক। ঠুমকায় ডাঁটিয়াল ছিলিক ছিলিক চালাকিতে পল কয়েকেই তার আসা এবং যাওয়ার দায়বদ্ধতা সারা হয়।
তাকে কি কারুণ্য বলা চলে?

আশরীর তেষ্টাতে অবসন্ন ধরিত্রী হাউহাউ করে গিলতে গিয়ে খানিকটা শুকনো হাওয়া গলায় ঢোকায়। একই সাথে বোকামি মেশা বিষম খায় আর ভিখিরি চাউনি মেলে ঠোঁট চাটে।
তাকে কি আদেখলা বলা চলে?

একটি জুঁইয়ের আধাবয়সি গাছ নিজেকে নিঙড়ে ঠিক চার থোকা ফুল ফুটিয়েছে এইমাত্র। ওর নসিবের জল টুকু শুষে নিতে গিয়ে থমকে যায় ও পাত-কোশের জল গড়িয়ে দেয় ধরিত্রীর কষ বেয়ে।  তাকে কি প্রেম বলা চলে?

আমরা জানি, মাটি ভালোবাসে কেবল আকাশকে।

জুঁইয়ের ঝোপ কেবল ...

অসংখ্যক গুণগ্রাহী প্রেমার্থীর একজন মাত্র।

ঘোর শ্রাবণীতে ঝাপটাবে অম্বর বসুধার দামাল প্রেম।
ভরা বাদরে তারই মাঝে কখন ঘাড় মোড় ভেঙে পড়ে থাকবে জুঁইয়ের শরীর, ধরা জানতেও পারবে না।

জানতে চাইবেও তো না।

ধ্যুস
প্রেমাস্পদ তো নয়!

আচ্ছা, কাকে প্রেম বলা চলে?

#নিলাজীরজীয়নকথা৪

#নিলাজীরজীয়নকথা৪
...আজকাল আর লাজী বললে চিনতে চায়না আশপাশটা। লাজবন্তী আশি শতাংশেই "থুঃ! নিলাজবতী, ওই নষ্ট মেয়েটা!"

"ভাতারখাগী নৃশংস এক কূট প্রেত সর্বনাশী।
ওর স্তন্যে লালিত হলে সন্তান হয় জগৎনাশী।"

সই তার সেই চরবৈষ্ণবী, ঠাণদি আর গোমস্তা দাদা, আধেক লড়াই এরা লড়ছে ওরাই, তার ভাগেতে বাকি আধা।

"হাজতবাস তো এক কাজীর বিচার, বিচারালয় তো আরোও আছে। আমার লাজী গিয়ে দাঁড়াবেই আরোও বড়ো কাজীর কাছে।"

যুদ্ধ যাপন রুদ্ধ যাপন, সে যে প্রতি মুহুর্তেই তিরস্কৃত। খোকার জীবন থেকেও লাজী, মায়ী আজকে বহিস্কৃত।

দিন এগোয় মাস বছরে, লড়াই পিঠে মেয়ে এগোয়। এইভাবেই এক ভোরেতে শ্রেষ্ঠ কাজীর বিচার ছিনোয়।

"নিষ্কলুষ নিষ্পাপ এই লাজবন্তী, কোনও মতেই খুনী নয়। ওর প্রাণের দোসর নিকেশকারী, তারা সেই তাঁরই বন্ধুস্বজন হয়।"

সেদিন ঊষা পূর্বাচলে উদ্ভাসিত দিক চক্রবাল। লাজী নাহ্, লাজবন্তী দাঁড়ালো এসে খুনখারাপি জড়িয়ে লাল।

নিলাজবতী এই নামেতেই ডাকুক আমায় সকলেতে।     
আর আমি বাঁচবো না এই লাজ শেকলের বাঁধনেতে।

ঘর গিয়েছে, বর গিয়েছে, সন্তানওতো গিয়েছে আর। গোটা জগত আর্তজনের সুহৃদ বন্ধু আজকে তার।

সেই এক বাঁশরী সঙ্গী নিয়ে নতুন পথে হাঁটছে যে। যেথায় যতো বিচার আর্ত তাদের জন্য লড়ছে সে।

বাঁশিদেওয়া গাঁয়ের মেয়ে লাজবন্তী নিলাজবতী, সুর শোনায় রণক্লান্তে, "থামলে কেন? চলো জিতি!"

#নিলাজীরজীয়নকথা৩

#নিলাজীরজীয়নকথা৩
...দিন কাটছে একেকটা যেন নোড়া দিয়ে শিল পেষাণ, লাজী হটাৎ পত্র পেল ফিরছে স্বামী এই মাসাবসান।

শউর ঠাউর মেয়ের বাড়ি, শাউড়ি তো সুখেই বুক মাড়ায়,
গলা টিপে হুকুম দিলো, যেন একটি বেফাঁস কথা না কয়!

ঘর গেরস্তের যেমনটি হয়, মেয়ে একদিন পোয়াতি হলো। লাজীর কোল আলো করে ফুটফুটে এক খোকা এলো।

দোহাঁ দুহুঁ কূজন কুহু, কেটে গেল বেশ কয়েকটি দিন। লাজীর বরাতে ভীষণ তুফান, ষড়যন্ত্রী বিবেক হীন।

একদিন সেই কুটিল থাবা খাবলে নিল স্বস্তি শ্বাস, লাজীর বর খুন হলো আর লাজীর হলো হাজতবাস।

ভাবছেন তো মেয়ের কি দোষ, কেন তার এই শাস্তিপাশ?
শাউড়ি যে তার নালিশ ঠোকে, বউয়ের হাতেই প্রাণটা নাশ! 

বাঁশিদেওয়া গাঁয়ের বেটি, আছাড়িপিছাড়ি প্রতিটি পল। স্বামীর হাতের সেই বাঁশরী, একটিমাত্র তার সম্বল।

কি মনে হয়, মরবে লাজী, আঁধার কুঠুরি গিলে খাবে? এমনও কি হতে পারে জেদী মেয়ে লড়াই দেবে?

মরবে নাকি লড়বে লাজী, ঘোচাবে মিথ্যে কলঙ্কভার।
আগামীকাল বলবো আমি, কতোটা নির্মম যুদ্ধ তার।

#নিলাজীরজীয়নকথা২

#নিলাজীরজীয়নকথা২
...নিলাজবতী তো আমরা ডাকি, বাপে ডাকতো লাজীয়া মা। আঁতুরঘরে মা হারিয়ে , বাপসর্বস্ব লাজানিয়া।

ঠাণদি আর বাপে মিলে পালছে তাদের বুকের ধন। গহীন রাতে বাপের বীণায় ছোট্ট খুকির মনকেমন।

লাজী এখন কেবল কুঁড়ি,  গাঁয়ের বৌ ঝি চোখে হারায়। খেলে বেড়ায় আগান বাগান,  ঝিলের পাড়ে খিলখিলায়।

এমন দিনে এক বিকেলে কনে দেখা আলোর ভীড়ে, লাজীর সাথে চোখাচোখি এক পান্থজনের নদীর তীরে।

ওঠ ছুঁড়ি তোর বিয়ে আজই, শুভদায় এলো লাজীর বর। গাছকৌটো আর গাঁটছড়া তে, চললো মেয়ে  শ্বশুরঘর।

শউর ভালোই লাজীর ভালে, শাউড়ি কেবল একটু পর। সবচে' মিঠে সবচে' কাছের সে হলো গে লাজীর বর।

বর তো থাকে বিদেশ বিভুঁই, মেয়ে তুই শাউড়ি ঠেলা কারে ক'বি?
লাজীর সাথে সই পাতালো সে দিগরের এক চরবৈষ্ণবী।

সুয্যি জাগে ফের পাটায় বসে, কপালে মেয়ের মেঘ ঘনায়। বাপের শরীর খারাপ বড়ো, কিন্তু শাউড়ি দোরে শিকলি দেয়।

বাপের বুকে জমাট কষ্ট, লোকমুখে নাম শ্বাসের ব্যারাম। মেয়ের মুখটা না দেখিয়েই ঠাউর লিখলেন চির আরাম।

তোমাদের চোখ জল চুঁইছে, হৃদ মাঝারে ছলাৎছল। এই গল্পের পরের অংশ বলবো আবার কাল সকাল।

#নিলাজীরজীয়নকথা১

#নিলাজীরজীয়নকথা১
বাঁশিদেওয়া গঞ্জে বাস করতাম, তা সে এক বিশ বাইশ মতো বয়সে। আজ অতিবৃদ্ধে তারে নিয়েই, দুটি কথা বলার আর্জি দেয়সে।

কী শুধোচ্ছেন পাছে পাছে? সে গাঁ খানা কোথায় আছে?

আরে মশয়, যে নদী বয়ে গিয়েছে ফাঁসীদেওয়া গাঁয়ের বউ ঝি দের সিনান আরশি হয়ে, ধরেন কেন, তারই সতীন কুলকুলিয়ে বয়, এই বাঁশিদেওয়ার উঠোন পড়শী হয়ে।

তালে বুঝলেন কিনা কোথায় সাকীন এই গঞ্জ খানার? এবারে আসি কারণ খুঁজতে কেন এমন নামের বাহার।

এগাঁয়ে যে কেউ বিয়ে করে বউ আনুক, বা যাক মেয়েরা বরের সাথ, উপহারে একটি করে বাঁশি দেওয়া, হবেই হবে তাদের হাত।

নিলাজবতী এই গঞ্জের, একদা এক মস্তবড় ধনীর পুতি। তবে কিনা হালআমলে বাড়ন্ত ভাঁড়ে, একটি কেবল পিদিম জ্যোতি।

ঠাণদি আর বেকার গোমস্তা, দিনরাত্তির আগলে রাখে। এমন সৃষ্টিছাড়া মেয়ের ভালে, কী যে আছে ভাবতে থাকে।

অমনধারা কেন বললাম, নিশ্চয়ই হচ্ছেন কৌতূহলী?
আজ তো মেলাই রাত হয়েলো, সে নাহয় কালকে বলি?