Wednesday, April 18, 2018

বুঝে নিলাম

ছফুট নাকি আটফুটই হবে কে জানে গলিটার একপাশে আমার ঘর, অন্যপাশে তাঁর।
আমার মাথার দিকটায় জানলা বরাবর, তাঁর পায়ের দিকটায় খুবসম্ভব।
কাল অবধি আমার বিছানায় আমি শুয়েছি, তাঁর বিছানায় তিনি।
আমি ঘুমের ঘোরে শুনতাম অস্বাভাবিক অস্বস্তিকর সুরের শব্দদের, আর তাতে ঘুম টা ভেঙে গেলে বুঝতাম তিনি কাঁদছেন যন্ত্রনায়।
আজও আমার বিছানায় আমি শুয়েছি, আর তাঁর বিছানায় ...
তিনি আজ শায়িতা।
নিবাত, নিষ্কম্প, নিঃসাড়, নিশ্চুপ।
আজ থেকে আর কোনরাতেই আমার ঘুম চটকে যাওয়া নিত্যদিনের তাঁর কান্না শুনতে হবেনা আমায়।
বড়ো আরামে ঘুমোনো যাবে যাহোক।
কিন্তু, ঘুম টা আসছেই না, জানেন?
ওই অস্বাভাবিক অস্বস্তিকর শব্দেরা অদ্ভুতভাবে নিজেদের মতো করেই কিসের যেন একটা অস্তিত্বের জানান দিতো, বড়ো আরামদায়ক উষ্ণ চেনা কিছুর।
আর আজ বিরক্তিকর শান্ত শব্দ শুণ্যতারা নির্মমভাবে নিজেদের মতো করেই জানান দিচ্ছে কিসের যেন একটা অস্তিত্বের , বড়ো কষ্টকর হিমেল অচেনা কিছুর।
কি তারা?
প্রাণ! নিষ্প্রাণ!
আচ্ছা, এর ঠিক উল্টো টাও তো ঘটতে পারতো, তাইনা?
জাষ্ট থাকা না থাকার অদলবদল হতো ঘরদুটিতে।
প্রাণ এর! নিষ্প্রাণ এর!
তাঁর এবং আমার।
আসল সত্যিটাতো এটাই যে,
ছফুট নাকি আটফুটই হবে, জীবন মৃত্যুর মাঝের দূরত্ব!
আজ আক্ষরিক বুঝে নিলাম।

ফিরলো না কেন?

জানলার পাশ দিয়ে শাঁ শাঁ ছুটে গেল দাম্ভিক চারটি  মোটর বাইক।
বড়ো রাস্তার ধারে নিশিযাপনের নতুন হওয়া ঠেকগুলোর উদ্দেশ্যে।
গলির তৃতীয় বাঁকের বাঁ হাতের বাড়িটার দোতলা আজও ফোঁপাচ্ছে।
হররোজ মারগুতোঁ ছেঁচড়ে দিয়েছে গাল পিঠ ঠোঁট কাঁধ কাঁখ কপাল।
ঝনঝন করে সবজে সুগঠিত বোতলগুলো ভাংচুর করলো ক্লাস সেভেন।
রাস্তার ওই ওধারের ফাঁকা জমিটায় টিউশান ফেরত বাওয়ালি জমছে।
লেখিকা ভাবছেন এইবেলা লিখেই ফেলি প্রেমের বড়ো গল্পটা গুছিয়ে।
দ্যাখ না দ্যাখ ফেব্রুয়ারী তো এসেই পড়লো চোদ্দ আর বাকি কয়দিন।
...
এতো কাঁটা কাঁটা কি যে আটকেছে চোখে কে জানেরে বাবা!
গল্পটা শুরু করা যাক,
দারুণ সুন্দর সকাল বেলা, প্রশান্ত পরিবেশ চারিধারে ইত্যাদি ইত্যাদি
...
জাষ্ট জুতিয়ে মুখটা ছিঁড়ে  কলম সমেত আঙ্গুলদ্বয় মুচড়ে দিতে হয় ন্যাকামির।

কি, কি বললেন? সাহিত্য ধর্ষিতা হলো? নান্দনিকতা শালীনতা খোয়ালো?
বেশ হলো। হ্যাঁ, বেশ হলো।
চুলোয় যাক!
মরণ হোক ওসবের!
...

মেয়েটা, এতো রাত হলো, বাড়ি ফিরলো না কেন???

ইচ্ছা ঘুড়ি পাখি

উদ্দেশ্য নেই অভিমুখ নেই গয়ংগচ্ছ বাঁচা।
হররোজই মালুম পাচ্ছি অঙ্কে ভীষণ কাঁচা!

উঠছি বসছি যাদব ও মধুর পছন্দসই ঢংএ।
নিজস্বতা ঘুলিয়ে যাচ্ছে বাজারচলতি রংএ!

সাঁঝে বিহানে রাজপথে ঐ মেকআপ ওয়ালা মেয়ে।
গামছা প্যাঁচায় ভেজা খোঁপায় পাঁকালো ডোবায় নেয়ে!

প্রেমিক রবে তবেই কি স্রেফ দোকলা বোঝায় নাকি?
আমার একলা আশমানে সই ইচ্ছেঘুড়ি পাখি!

কি যেন বলে?

আবার ডাকাডাকি কেন!

করুণা,
শব্দ কোরোনা।

শায়িত শরীর কে  ছোবল দেয় সরীসৃপ জোড়া দাঁতে একসাথে।
আমি নিয়োজিত বিধিসম্মত মাংসপেশীদের আশ্লেষ তুষ্টিতে।

ঢেঁকির পাড় দিয়ে যেতে হয় অনর্গল।

আমার
একদিন লালসা গড়িয়েছিল পুরু ঠোঁট থেকে বহুতর অনিন্দ্য দর্শনে।
বেচারা জিভটা চিরে গেছে বলা বাহুল্য সেইসব নামের রাশির কোপে।
আমায়
আজ দ্যাখো চাটছে মোট ঊণপঞ্চাশটা লালা ভরা জিভ একযোগে।
খাদকই টাগরায় টুসকি যোগানো রসালো খাদ্য বনে গিয়েছি বর্তমানে।

এখনো
তবে ও কার চেরা জিভ ডাকনামে উসকায় বোকা মেয়েটার প্রেম মাঝরাতে?
জানোকি
ঠিকঠাক এবার কি কি তারা চিরবে বলে পোড়া পোষ্টকার্ড এ পূর্বাভাস এসেছে?

করুণা,
তোমাকে আমি ভয় পাই।
কুঁকড়ে যাই আমি ও আমার উত্থিত যা কিছু।

বারোভাতারির উল্টো কি যেন বলে...

নেবেই।

ছেঁড়াখোঁড়া থ্যাঁতলানো মোচড়ানো,
স্তূপীকৃত মৃতদেহ।

কেউ কেউ ওরই মধ্যে কাতরাচ্ছে...

লালচে বেগুনি মরা রক্তে চোবানো,
উঠোনপথ অলিন্দ।

দুই স্খলিতবসনা কি যেন হাতড়াচ্ছে...

প্রথমার খোয়া গেছে পলাশ।
প্রকৃতি সে।
দ্বিতীয়ার খোয়া গেছে সম্ভ্রম।
রমণী সে।

পৃথিবীতে প্রকৃতির চেয়ে মূক ও সহনশীলা তো কেউ হয়না।
তাই তাকে নষ্টের দায়ও কাউকে নিতে হয়না।
পৃথিবীতে সংখ্যালঘুদের নিজের দেশ বলে তো কিছু হয়না।
মেয়েদের চেয়ে সংখ্যালঘুতো কোত্থাও কেউ হয়না।

অতএব মানুষের হুল্লোড়ে প্রকৃতির কতিপয় সন্তান সোল্লাসে হত্যা স্বীকৃত।
অতএব বিধর্মীর উৎসবে কালিমা ভরাতে স্বধর্মী কতিপয় নারীবলি জায়েজ।

কিন্তু
এই চাকা তো একদিন উল্টো মুখোও ঘুরে যেতে পারে।
চাকা তো একদিন উল্টো মুখো ঘুরবেই।
সেদিন
মানুষ তোমার আত্মজ-লোহিতে প্রকৃতি স্নান করতেই পারে।
পুরুষ তৈরী থাকো, নারী জবাবটা নেবেই।

দেখে নেবেন!

বসন্ত সবার কাছে মধুমাস নয় জানেন?

এই বসন্তেই

ফ্যাকাশে পিচঢালা রাস্তায় হেঁটে চলেছে যে আরও ফ্যাকাশে শাড়ী প্যাঁচানো মেয়েটা,

দিনগত প্রোডাক্ট বেচার কোটা পুরোন না হলে যে পাবে সেদিনের উপার্জনের আর্ধেকটা,

তার পলাশ কুড়োনোর সময় কই? 

এ বসন্ত তার মধুমাস নয়!

বসন্ত সবার কাছে মধুমাস নয় জানেন?

এই বসন্তেই

ইঁটের পাঁজা ভ্যানে ডাই করে প্যাডেল চাপছে যে আদুল গায়ের সিড়িঙ্গে কালো ছোকরা,

দিনভরের যম খাটুনির রোজগার থেকে যাকে ঠিকাদার কে দিতে হবে তোলা মানে বখরা,

তার শিমূল দেখার অবকাশ কই?

এ বসন্ত তার মধুমাস নয়!

বসন্ত সবার কাছে মধুমাস নয় জানেন?

এই বসন্তেই

কাল অবধি পরণের লাল টুকটুকে ঢাকাই যার বদলে গেল আজ বীভৎস সাদা থানে,

আমৃত্যু এবার যাকে প্রতি অনুপল বুঝতে এবং বোঝাতে হবে অকালবিধবা হবার মানে,

তার বাসন্তিকা সাজের অধিকার কই?

এ বসন্ত তার মধুমাস নয়!

কিন্তু

বসন্ত চেয়েছিল জানেন,

সব্বার মধুমাস হতে,

আবিরের দিব্যি করে সে বলে গেল সেকথা।

যেহেতু

বসন্ত পারলোনা জানেন,

সব্বার মধুমাস হতে,

আনন্দস্বরূপা মৃত বলে চলে গেল একথা।

আমি সমস্ত ঝরা পাতা গুলোয় লিখে রাখছি মধুমাস আছে দের ও নেই দের তালিকা।

একদিন ওই সেলস গার্ল

একদিন ওই ছোকরা

একদিন ওই সদ্যবিধবা

আর

একদিন ওই বসন্ত

ফেরত আসবে।

আছেদের থেকে হিসেব কষে বুঝে নেবে নেইদের পাওনা।

চোত ফাগুন বসন্তবরণ জোচ্ছোনা!

সেইদিন

বসন্ত সব্বার কাছে মধুমাস হবে, হবেই।

জানেন?

জাষ্ট দেখে নেবেন!!!

ভালো থাকিস তোরা।

তুমি যখন ছুঁতে এলে ঝুম সাঁঝের বেলা
আমার তখন বেনোদহে অথৈ বেভুল চলা।
তুমি যখন চোখ এগিয়ে খুঁজছো আমার মুঠি
আমার মুঠোয় পিষছি তখন তোমার জন্য চিঠি।
তুমি যখন চলেই গেলে ভ্রূ ঝিঁকিয়ে ঘেন্না
আমার কেবল গিলে চলা পাষাণ-দাগা কান্না।
তুমি যাচ্ছো সইয়ের ঠাঁয়ে শাম রওশন-আরা
আমার ভবিতব্যে পেলাম মেঘে ঢাকা তারা!
আলোয় বাঁচিস তোরা।
দরিয়ানগর উথালপাথাল
আদরবাসিস তোরা।
বড্ড ভালো থাকিস তোরা।