Thursday, April 19, 2018

সাধ টুকু

কতদিন কতদিন ।
দাঁড়িয়ে আছি এই ধু ধু প্রান্তরে ।
পাহাড় পাথার বনানী ।
কত সে দিবস যামিনী ।
শোভন শোভা বাহ্যিক ।
হা হা রিক্ততা ভিতরে ।
নিবিষ্টতা কই ?
কই অনুপম কর্ম তৃপ্তি ?
শুধু অস্থিরতা গ্রাস করে আছে অন্তরলোক ।
তারি প্রতিবিম্ব দ্যুলোক ভূলোক ।
আপন হৃদ শিলায় খচিত লিপির
পাঠোদ্ধারই যে আজও হলোনা !
মহেঞ্জোদারোর বুকের ভাষা
অনুরণিত হবে কি করে ?

নদীটির খুব কাছে আজও তো দাঁড়ানোই যায় ।
যদি যেতে পারও ফেলে রেখে
সবটুকু অতীতের দায় ।
নদীটির সাথে আজও তো হতে পারে ভাব বিনিময় ।
যদি অঞ্জলি ভরে নিয়ে আসো অপাপবিদ্ধ সময় ।
নদীটির বুকে আজও তো মিশে যাওয়া যায় ।
চরাচর নতুন আশ্বাস পলি তে সাজানোর
সাধ টুকু যদি রয়ে যায় । 

আর এন টেগোর

দাঁড়ান !
কোথায় চললেন ?
জানি এভাবেই চলে যান আপনি ,
এক লোক থেকে অন্য লোকে ,
এক দেখা থেকে বিভিন্ন দেখায় ।
এক ধৈর্য পেরিয়ে আরেক স্থৈর্যে !
কিন্তু ,
আজ তো যেতে দেবনা আপনাকে ।
একটুক্ষণ রইলেনই নাহয় আমার কাছে ।
বিশ্ব কবি , কবি গুরু , গুরু দেব ...
নাহ !
এদের কাউকে চাইনে আমার ।
শুধু রবি বাবু হয়ে দাঁড়ান একটি বার ...
এতো শ্রান্তি কেন আপনার চোখে ?
এভাবে ঝুঁকে দাঁড়ালেন যে !
ওহ !
বিশালত্বের বিরাট জোব্বায় ঢাকা রবীন্দ্রনাথ ঠাকুর তো নন আপনি ।
আজ তো কেবলই রবি , রবি বাবু হয়েছেন আপনি !
বৌঠানের অসহায় দেওর ,
ছুটির অভিযুক্ত বর ,
চিন্তিত বাবা বেলি মীরার ।
ডি এন টেগোর নামক এক কঠিন পুরুষের পরিবার তন্ত্রের
এক শান্ত অনুগত সামন্ত ! ...
কতো কিছু সইলেন আপনি ।
আরও কতো সইবেন কি জানি !
চূড়ান্ত অবমাননা থেকে উথলে ওঠা আদিখ্যেতার সন্মাননা ! ...
সরি ,
প্লিজ ডোন্ট টেক ইট আদারওয়াইজ মিঃ টেগোর ।
যাক ,
আজ তো আপনার জন্মদিন ।
আমি কি দি আপনাকে ?
গান গাইলে শুনবেন ?
ভুল সুরো হবো !
কবিতা বলতে দেবেন ?
শব্দ ভুলে যাবো !
তবু গাই , কেমন ?
তবু বলি ? ...
ওই যে ,
ওরা সব এসে পড়লো আবার !
আপনাকে খোলস বন্দী করে
ভগবানের বসন চড়িয়ে
নিয়ে যাবে এবার !
রাজা আপনি ।
কতো বহুমূল্য বরমাল্যে উঠবেন ভরে ,
অকিঞ্চিৎ রক্তকরবী তে আপনার কাজ নেই ।
যান চলে । ...
শুধু একটা জবাব যান দিয়ে ।
নিজের মতো করে আপনাকে কেনও পেতে পারবো না আমি ?
কেনও আপনাকে আড়াল করে রাখে ওইসব
বিজ্ঞ প্রাজ্ঞ অভিজ্ঞ সংস্কৃতি সেনানী ?
কেন পারলেন না নিজেকে প্রতিটি হেটো মেঠো অস্তিত্বে ছড়াতে ?
কেনও কুক্ষিগত হয়ে রইলেন এক আপাত পরিশীলিত উচ্চ বর্গের হাতে ? ...
শুনুন শুনুন ,
মাপা সুর বাঁধা বুলির জগত থেকে এক ঝটকায় আপনার হাত দুটি ধরে মারি এক টান ?
নিয়ে যাই হটাৎ খুশি অকারণ হাসি অনাবিল আনন্দের দেশে ?
সহজ কথা সরল সুর সহজিয়া প্রাপ্তিতে ভরে উঠে লিখবেন ,
আজও যা লেখা হয়নি ।
আজও যে সুর গাঁথেন নি ।
নিজেকে খোঁজার পালা এই দেড়শ বছরেও কি শেষ হল রবি বাবু ?
আদৌ কি হয় ?
যাবেন ? ...
চুপ করেই রইলেন ?
এনিওয়ে , হ্যাপি বার্থডে টু ইউ মিঃ আর এন টেগোর ।
এভাবেই ভাল থাকুন আরও দেড়শ বছর !!!

ভাবনায়

কুসুম কুসুম বৃষ্টি ...
উস্তুম খুস্তুম হাওয়া ...
নীল নীল আঁধার ...
একফালি বারান্দা ...
একা একা আমি ...
একা কি (?) ...
একটা ভাবনায় জড়িয়ে আছে চিন্তা সূত্র ।

"মন টা সমুদ্রের মতো হলে বেশ হয় । জোয়ারের সময় জানা অজানা সব নদী নালায় নিজের যা কিছু ঐশ্বর্য বিলিয়ে দেওয়া আর ভাঁটার টানে তাদের সবার দুঃখ নিজের বুকে তুলে নেওয়া ।" ...

রাধা নই

আলতা পাতা বকুল গাঁথা নিশীথ কাজল সই ,
কাঁচপোকা টিপ রঙিন চুড়ি সাজিয়ে দে না , ওই ।
আসমানি পাড় দুধলা জমিন জড়িয়ে নিয়ে কই ,
বঁধু তুমি ডাকবে ভেবেই কুল প্লাবিয়ে বই ।
অঝোর বারিষ ঈশানী ঝড় ভাল সাজিয়ে রই ,
অভিসার গুণ করল আমায়
কিন্তু ,
রাধা তো আমি নই !!

ভাঙলো পারদ

বড়ো ইচ্ছে তোমাকে দেখি ,
মেঘ থইথই অক্ষিগোলক ।
জল বিছানো মাস্কারা রা ,
তৃষ্ণা কেবল আমারই হোক ।

বড়ো ইচ্ছে তোমাকে শুনি ,
ট্র্যাফিক জ্যাম এ কর্ণকুহর ।
বেজেই চলে আহত নাদ ,
চুপকথারা বিষাদ বিভোর ।

বড়ো ইচ্ছে তোমাকে ছুঁই ,
দু হাত ভরা রসুই রসদ ।
তুমি চলে যাও জেব্রা মাড়িয়ে ,
গলিতে আজ ভাঙল পারদ !

তুমি

তুমি আমার ভোরের আবছায়াতে
বইয়ে দাও শান্ত শীতল হাওয়া ,
তোমায় যেমন পাই একেলা আমি ,
আর কারোরই হয়না তেমন পাওয়া ।

তুমি আমার ব্যস্ত দিনের মাঝে
গুছিয়ে রাখো তৃপ্ত অবসর ,
তোমায় আমি যতোটা নিবিড় ভাবি ,
এতখানি তো কেউ ভাবেনা আর ।

তুমি আমার শ্রান্ত সাঁঝের বেলায়
ফুটিয়ে তোলও স্বপ্ন প্রসব দিন ,
তোমার কাছে আমি যতোটা ঋণী
কারোর খেরোয় জমেনি এতোটা ঋণ ।

তুমি আমার নিকষ কালো রাতে
জুটিয়ে আন অলীক আলোর ঢেউ ,
তোমার কথা জানি কেবল আমি ,
আমার মতো আর জানেনা কেউ ।

ধর্ষিতা লাশ

দশানন-চিতার মতো জ্বলা প্রতি পল ।
ছাইয়ের রঙে তো লেখা থাকেনা যন্ত্রণা ।
পাশবিক শব্দটা নেহাতই জোলো আজকাল ।
প্রতি নিমেষ স্রেফ যোনি আগলানোর তাড়না ।

বিশ্বাস ভয় পায় নিজেকেই সবচেয়ে বেশি ।
আদরের মানে বড়ো বড়ো নখওলা হাত ।
সুললিত গ্রীবা ঝুমকো ঝিকানো হাসি ।
মুহূর্তে বদলে হয় নারী থেকে ধর্ষিত-লাশ ।