Thursday, April 19, 2018

চরৈবেতি

যে শব্দ গুলো তে আমি আদপে বিশ্বাস রাখিনা ,
অক্ষরের সেইসব জঞ্জাল আমি কক্ষনোই লিখিনা ।

চলে যেতে চাইলেই তুমি চশমার কাঁচে রাজপথ ,
উইন্ড স্ক্রিন আটকাবেনা সেই বৃষ্টি রাতের শপথ ।

যে সুফলায় রোপিত আস্থা আমি বাঁচিয়ে তুলতে পারিনি ,
ওই ভূমিটির চির বন্ধ্যা চরিত আড়াল করতে শিখিনি ।

চুপিসারে যদি আসে প্রতিরাত হাড়হিম একাকীত্ব ,
উষ্ণতা দেবে নিশ্চিত জানি ঋজু এই অস্তিত্ব ।

যে আগামীর গহ্বরে কাল প্রসব কি হবে জানিনা ,
অদেখা সে পথে চরৈবেতি মন্ত্র টা আমি ভুলিনা ।

দ্বন্দ্ব সমাস

আমি -
"তোমায় আর কোথায় খুঁজি বল না ?
তোরঙ্গ বটুয়া দেরাজ আলনা ,
তেতলা ছাদ কলঘর আঙিনা ,
তোষক ফ্রেম জাফরি দোলনা ,
তন্নতন্ন খোঁজাও দিশা পেলনা !
কোথায় চলকে হারালে , আনমনা ?"

সে -
"তোমার আবার শুরু আমায় খোঁজা ?
সেই যে বাঁধলে চাবির গাছা ,
সেই যে কুচোলে ধুতির কোঁচা ,
সেই যে ছিঁড়লে চিঠির গোছা ,
সেইদিনই যে শুরু গো আমাকে মোছা !
আজ ফেরাবে আমায় , আবাল্য বোঝা ?"

সখা -
"রাতের বেলা একলা ছাদে কি ওঠে ?
রান্না বান্না চুকিয়ে এসো তো খাটে ,
রাজ্যের কাজে স্বামী যে কেবলি ছোটে ,
রমণী তবেই সুখ টা তোমার জোটে ,
রাগের ঠ্যাকার তোমার একারই বটে !
রসের দুকলি ফোটে না তোমার ঠোঁটে ?"

দিন কেটে যায় এভাবে প্রতিটি বাসায়
দ্বন্দ্ব সমাস আমি সে ও সখায় ।

ঠিকানা হীন

একটা চিঠি আসার কথা ছিল ।
আসেনি , এখনো ।
কতো কিছু এলো গেলো
কতদিন কেটে গেলো ,
কিন্তু ও এলো না ।
...

"ও" মানে সেই , সেই চিঠি টা ।
যেটা এসে পড়লেই -
কুয়াশার পর্দায় টান পড়বে
বসন্তবৌরি গান জুড়বে
ধানের গর্ভে দুধ ভরবে
অষ্টমী তে হারানো চোখ ফিরবে ।
এমন আরও কতো কি ঘটে যাবে , আবার
হয়তো বা এমত কিছুই ঘটবে না ,
কেবল কেউ কেউ সম্পূর্ণা হয়ে উঠবে ।
কিম্বা হয়তো আমি বড়ো তৃপ্তি তে মারা যাবো ।
...

চিঠি টা কবে আসবে ?
এসে পড়লেই তো পারে ,
ও এলেই -
ভরা বিলে ডুব দি
জুঁই ফুলে খোঁপা দি
জোড়া থালে ভাত দি
হয়তো বা হয়ে উঠি
আপামর আনন্দী ।
...

আদৌ আসবে তো ?
চিঠি টা ?
আমরা ঠিকানা হীন
নই তো ?

খেজুরে আলাপন

অনেক কিছুই আজকাল আর মনে পড়েনা
দাগ কাটেনা ।
কতদিন হয়ে গেল তোমায় আর চিঠি লিখিনা ।
তুমি থাকবেনা !
সইতেই পারবনা স্থির বিশ্বাস চলকেও তো গেলো বহুদিন
দিব্য তো সয়ে বা সইয়ে নিচ্ছি কত উথাল পাথাল রাত্রিদিন ।
তোমার নন্দিন প্রৌঢ়া হয়ে গেছে রঞ্জন !
সব কথোপকথন ই আজ খেজুরে আলাপন ।

পথ বাকি যে!

মুখোমুখি দাঁড়িয়ে আছি ।
পায়ের নিচে তিরতির কাঁপছে আত্মবিশ্বাস ।
কড়ে আঙুলটা জড়িয়ে আছি ।
পিঠের পিছে টলমল দুলছে অতীতচারীলাশ ।
...

ঝড় উঠছে এক তীক্ষ্ণ তীব্রতায় ।
শকুন গিলছে চরাচর কে ডানায় ।
গাছ গুলো উদ্বাহু পিপাসায় ।
অশনি সপাটে চাবুক কে আছড়ায় ।
...

চোখের ভিতর চেয়ে আছে ।
ভ্রূ ভঙ্গি ঠিকরে বেরোচ্ছে জান্তব ঘৃণা ।
লজ্জা বস্ত্র মাড়িয়ে আছে ।
গাঢ় পূত গরল ওগরাচ্ছে দীপ্য রসনা ।
...

জল দাও
জল দাও
জল দাও বাসবদত্তা ।

নিজের সামনে দাঁড়িয়ে মিথ্যাচার চলেনা সন্ন্যাসী ।

বহু পথ পেরোতে হয়
জল আনতে হলে ।
আরও পথ পেরোতে হয়
জল দিতে হলে ।

আমারও ,
এখনো অনেক পথ বাকি যে !!!

ঘুমাও

লুকোনো থলিটায়
গুটিকয় বকুল বীজ - কিতকিত এর গুটি - পায়রার আধ খাওয়া গম
থেকে যায় ।
সেখানে হাত রাখলেই
নিটোল এক অঙ্গীকার রাখা হয়ে যায় ।
কখনো আপাত অনিচ্ছায়
কখনো বা ইচ্ছে-অসাবধানতায় ।

শূন্যস্থান ভরাট হয়
চক্রবাল রঙ পায়
আমি একা বসে থাকি
বিকেলের বারান্দায় ।

ঘুমাও বাউন্ডুলে , ঘুমাও এবার ।

শেষ দেখা

কাঁচের ওপারে ছুটছে সিক্ত গতি,
সওয়ারী সিল্যুয়েট আঁধার আলোর বিভেদে,
লাল-নীল জলের ভিতর দেখার ঈপ্সা,
পরাভূত হয়ে গড়িয়ে যাচ্ছে সখেদে।

জলছবি লাখ গড়ছে একেক লহমা,
আঙুলের খেলা লিখছে গোপন নাম,
কাঁচের গায়ে জমছে বিধুর স্মৃতি,
সহস্র পল আজ একসাথে পেরোলাম।

সখ্যতা সেতো সামাজিক বেশবাস,
হৃদয় তো জানে টান এর প্রকৃত রূপ,
ভেজা দিন জুড়ে কতো হাসি পরিহাস,
দুজনেই জলবিন্দুর মতো নিশ্চুপ।

একটা প্রশ্নে আছাড়ি - পিছাড়ি মেঘ,
বৃষ্টি বলছে বাজ উত্তর জানে হয়তো,
পথ ফুরচ্ছে তীব্রতম বেগ,
এই দেখাই শেষ দেখা নয়তো?