Thursday, April 19, 2018

ললাট লিখন

এক একটা সন্ধ্যে গড়ানো রাত,
বাড়ায় কাঙ্ক্ষিত পল ভরা হাত।
এক একটা ঝিকিমিকি আলোময় দিন,
ভরায় সত্যি মিশেল সাধ রঙিন।
তুমি পারো ও বটে!
ললাট-লিখন।

পারলে কই?

আমাকে স্পর্শ করেছো লাখো লাখো দণ্ড।

দেহের গলিতে তন্ত্রীতে
প্রতি খাঁজ সন্ধিতে
বহুবার চলমান হলে তুমি,
তোমার দার্ঢ্য।

বিজিত উপত্যকায় প্রোথিত হয়েছে বিজয়ীর নিশান,
পেষণ- স্পর্শিত হয়েছে মুঠি বদ্ধ পরাভূত মাটি,

কি ভীষণ শ্লাঘা তোমার!
কি তীব্র তেজবান অহং তৃপ্তি!
করায়ত্ত করার কি অমোঘ দুর্বার শান্তি!

কিন্তু,

এক অনুপল ও আমাকে তুমি ছুঁতে পারলে কই?

বুঝছো?

মেঘলা গাছে আর্দ্র নিঝুম বাস,
বৈঠা চোঁয়ানো মিহি মহুল শ্বাস,
আমার জনমভোর স্রেফ ভালোবাসার ত্রাস।

গর্ভিণী ছাগ এক বিকেল আলোয় সই,
মলমলি কালোয় গা চুবিয়ে রই,
আমি পাঁজর তলে নেই-ভালোবাসা কে বই।

রাত জমছে আলতো আড়াল হাতে,
ঘুম মাখছি অলীক রক্তপাতে,
আমায় নিয়ে অ-ভালোবাসা টা মাতে।

তোমায় বড্ড দেখতে ইচ্ছে করছে গো...
বুঝছ?

মেরী

মেরী,
ভালো আছো তো?
২০-২১ বছর পার হল, তাইনা?
ঋজু দেহে রাজহংসীর মতো হেঁটে যাও আজো?
বয়স তো হল বেশ, আর বোধহয় পারনা...
জানো, আজো একটা বিষয়ে আমার প্রবল সন্দেহ,
রিনা ব্রাউন তোমায় দেখেই অমন দৃপ্ত অহং শেখেনি তো?...
মনে আছে,
পিটার এর সাথে ক্যারাম খেলার অছিলায়,
আসলে হৃদপিণ্ড গলায় নিয়ে দেখতে তো যেতাম তোমায়!
ভাই এর বন্ধু তাই তুমিও পাশে আসতে
কথা বলতে
চুল গুলো এলোমেলো
করে দিতে কখনো।
কেঁপে কেঁপে উঠতাম
চুইয়ে আসতো ভালোলাগা
লোমকূপে জেগে ওঠা অজানা আবেশ
হাফ প্যান্ট দিয়েই ঢাকতাম!...
লালদীঘির ওধারে কোথায় যেনও স্টেনো ছিলে।
প্রফেশান যাই হোক,
প্যাশান গান কেই বেছেছিলে...
তার জন্যই নাগো?
এক হোটেল গাইয়ের ভরসায়
ঘর ছেড়ে
কাজ ছেড়ে
চলে গেলে
বিদেশ বিভূঁই।
নামী সিঙ্গার হবার আশায়!
পড়ে রইল তোমার চেনা শহর
পড়ে রইল তোমার সুকুমারী অস্তিত্ব
পড়ে রইলাম আমি আমরা!
বেশ কয়েক মাস শুধু খোঁজ কোথায় কোথায়
কোনও খবর নেই তোমার,
তারপর জানলাম এদিক সেদিক কানাঘুষোয়
বিপর্যস্ত ছন্নছাড়া জীবন তোমার!
গান গাও তুমি
তবে সেটা তৃতীয় শ্রেণীর বার এ!
ঘর ও আছে একটা
তবে বাসিন্দা মা ছেলে!
কোলকাতা আসবেনা কোনোদিনও,
ফ্যামিলি একসেপ্ট করবেনা তো!
কুমারী মা যে!!!
বাঁকা চোখ
বিঁধানো দৃষ্টি
বেপরোয়া মুখ
বিকৃত বাক্যবাণ!
কারণ তোমার সন্তান
টম ডিক হ্যারি
জিসাস নয়!
এনিওয়ে, যেখানেই থেকে থাকো,
বেথেল কিম্বা ব্রথেল
মেরী ক্রিসমাস টু ইউ!!!
ভালো থেকো।
-আমি।

বৃষ্টি হবে

জানতো কাল বৃষ্টি হবে।

খড়ি ঘষা মুখের উপর
চলটা ওঠা চোখের গহ্বর
থেঁতলে যাওয়া বুকের কোটোর
অসহ আদরে ভিজিয়ে দেবে।

গোলাপি লাল হলুদ সবুজ
গুলাল আর ফাগের বান এ
অন্যদিনের আলতো পরশ
কূলপ্লাবী সুতীব্র হবে।

জানতো কাল বৃষ্টি হবে।

যূথ কাব্য

একাকীত্বের অর্থ টা কি জানো?
একাকী কি হয়েছ কখনো?

একলা হতে ইচ্ছে ডাকে, একাকী কিন্তু ভয়।
এক্কেবারে ঝুম দুপুরে একাকী হওয়া সয়!

একেকখানি বিকেল-মীড় একলা হতে সাধে,
একটি দুটি চড়ুই ঠোঁটে একতারা সুর বাঁধে।

একলা আর একাকীর এই দ্বন্দ্ব টানাপোড়েন
একে দিয়েই যাপন কবি যূথ-কাব্য গড়েন।

বাবুল...

একটা-দুটো আকাশ
ছেঁচ-তলায় খিড়কীর পাশে শুয়ে,
জোগাড়-কুটো আয়াস
পাখালির ওই ঠোঁটের ডানা দিয়ে।

স্নান সেরেছে বিকেল
কুমকুম আর স্বর্ণ-চরি গায়ে,
মাঠ-মুখো সব দামাল
উঠানে ঠায় গাভী - চোখো মেয়ে।

নথ ছুঁয়েছে চিবুক
লাল চেলি আর গাছ কৌটো নিয়ে।
হাঁপর পাড়ছে বুক
"বাবুল মোরা নইহর ছুটোহি যায়ে...।"