Sunday, July 15, 2018

বেওকুফ অওরত!

Teri surkh surkh aankhien,yeh batah rhi hain Ghalib,
Phir subho kar di tune, usay yaad karte karte.
    -Mirza Ghalib

একটা ঘন বুনোট পাতার বুক আর ঠোঁট, অল্পে অল্পে জমাতে থাকে রিজিকের চাতকজল।
টইটম্বুর হলেই নিজেকে আলতো নুইয়ে ভরাতে যায় কোল ঘেঁষা ঈষৎ মেঘুয়া পাতাটাকে।
হয়তোবা দুঃখপুকুরই দেয় নিজের অজান্তেই, কিন্তু তার সর্বস্বান্ত দেওয়ার ঈহা মিছে নয়।
আকাঙ্ক্ষীর আর্তি তাই আশরীর ধারণ করে দয়িতের গূঢ়-বাঞ্ছা প্রতিকল্প, সিক্ত হয়।
দোঁহার এই ইচ্ছেসুখ আর প্রাপ্তিসুখ নির্নিমেষ গড়ে তৃপ্তিসুখের একঢাল চর।
দুইয়ের হৃদ মাঝারে। গোধূলি-বেলায় ধারাস্নাত মিহি বোধ-ধূলির উঠোনে।
...
একটি লেফাফা পড়ে থাকে কেবল।
হয়তো আর্চিজ, কিম্বা হলমার্ক।
...
"বহুদিন পরে ভ্রমর এসেছে পদ্মবনে।"
...
রাতটা এখন একটা, বা হবে হয়তো দুইদেড়।
ধড়মড়িয়েই উঠে বসল তাঁর মন।
কে যেন কবে এই কথাটা তাঁকেই দিয়েছিল।
দেখাবে ফুলেল সেই স্বর্ণচম্পা বন।

একফালি এলানে জরিন সুতোলে পথ।
পরাগ ঢেউয়ে গন্ধবহ'র রাজ।
কারোরই কিন্তু ছিল না, একটুও মত।
মরুৎ তবু পথের প্রেমিক আজ।
...
খেলা ভাঙন, স্বপ্নে সুর্খ সিঁথির আখরি রুখসত।
স্মরণে এল, কবিতা লিখছে। বেওকুফ অওরত।
...
"সখী অন্য ঘাটে চল না।"

Dard aayega dabbay paon liye surkh chiragh
    -Faiz Ahmed Faiz

Saturday, July 14, 2018

আরজু

চাঁদ
এতক্ষণ বসে ছিল কড়িয়াল বেনারসী আঁচলের ঠিক পাশটিতে।
কালো পাথরের মেঘছাপ সিঁড়িতে।
এই কেবলমাত্র এলানো স্বর্ণাল রক্তিমতা ছুঁয়ে জলে নেমে গেল।
শফরী সহর নিমেষেই সুধাংশু সরিৎ।

চন্দ্রাবতী
নিঃসাড় ডুবছে পায়জোর, কোমর বিছে, বাজুবন্ধ।
কণ্ঠী আর টায়রা টিকলি।
আস্তে আস্তে জল জোৎস্নায় মিশছে রক্ত হাড় মাংস।
মেদ আর পেশীর পুত্তলি।
তিলে তিলে গলে গলে যাচ্ছে রাগ ক্ষোভ অভিমান।
হিংসে আর এজন্মের ব্যর্থ প্রণয়।
ইন্দু গাঙে দুলছে অল্প অল্প গোঙানি বুকে আঁকড়ে।
রাকেশ কুয়াশার শীর্ণ ঝরোখা।
...

বহত আরজু থি গলি কি তেরি...

খোকা পড়ছে!

দলা দলা কষ্ট।
গলার গোড়ায় কুণ্ডলী একাধিক।
কাশির দমকে উঠে আসছে তাদের ভাঙচুর গন্ধ।
থকথকে ঘেন্না।
জিভে জড়িয়ে যাচ্ছে স্মৃতি শ্লেষ্মা।
ঠোঁটের কষ গলে কোরকে মিশছে লোনা অপমান।

বমি হলে বেঁচে যায়। বমিটা হয় না।

বাম দিকে চারটে আর ডান দিকটায় গাঢ়তর একটা।
থ্যাবড়া মোটা আঙুলের দগদগে দাগি কবুতরি গ্রীবা।
চুনো চচ্চড়ি নামিয়ে গিলে চচ্চড়ি বসায়।
পেষণযন্ত্রের তো ভাই পেষণদন্ত থাকাটাই স্বাভাবিক।
অনুপানের তোয়াজ কমা হলে চাবকানোই রেওয়াজ।

মরে যেতে সাধ হয়। মরতে পারে না।

"পাখি সব করে রব রাতি পোহাইল/ কাননে কুসুমকলি সকলই ফুটিল। "
খোকা পড়ছে।

Sunday, June 24, 2018

হারিয়ে ফেলছি

কলম হারাই,
ছাতা হারাই,
আংটি পেনডেন্ট হারাই।

আইসক্রিমের কাঠি,
জলের বোতল,
কম্পাস,
ঘড়ি,
সমস্তই কখনো না কখনো একটা দুটো তিনটে বারও হারিয়ে ফেলি।
এদের হারিয়ে ফেলায় চিমটি চিমটি হারিয়ে দেই বিক্ষুব্ধ অসহায়ত্বে টিকে থাকা ক্ষয়িষ্ণু মূল্যবোধকে।

যান্ত্রিকীকরণ এগোয় সোল্লাসে।

প্রতিস্পর্ধী বৈপরীত্যজোড়া জীবনকে নানান প্যাঁচ পয়জারে হারিয়ে দেওয়ার সাথে সাথেই হারিয়ে ফেলি নরম সহজ যাপন।

একটা মেয়ে, কোমর ডিঙিয়ে তেলেজলে বেণী মণিপুরী রিং আর সাদামাটা সালোয়ার কামিজ রিপুকরা ওড়না, ইংরেজি পড়তে যেত।
জীবনানন্দ অনুবাদ করত টর্চের আলো জ্বেলে।
গভীর রাতে। কবি এলে।

এই মেয়েটাকে প্রতিদিন একটু একটু করে কোশ গলে হারিয়ে ফেলছি।

নিয়তিবাদ বা দুখবিলাস???

ভয় পাচ্ছি।

কনে দেখা আলো

দুপুর গড়ানে এক চিলতে রুগ্ন আলো দাঁড়িয়ে পূর্বমুখী। আলসে এলান রাস্তাটার ঠিক মাঝ বরাবর।

বামধারের ধুমসো দোতলার একটেরে বারান্দাটা নাক গলিয়েছে রাস্তার চৌহদ্দিতে। ওখানেই জাবনা পাত্র আকারের এক বড় টবেতে রাখা জুঁইয়ের মাঝারি গোছের এক ঝোপের সঙ্গে প্রাণপণে চেষ্টা চালায় ওধারের স্বর্ণচম্পক দুটোকটা প্রাণের কথা বলতে।

জুঁই বেচারি রিনরিনে কিশোরী কিন্তু ডানধারের স্বর্ণচম্পক তো ছটফটে কিশোর। সে কি সাহসে কারোর চেয়ে কম যায়! ডালপালা ঝাপটিয়ে ঠেলেঠুলে প্রায় ঢুকেই পড়ে বারান্দার আঙিনায়। পর্বমধ্যে টুকুস টাকুস বারকয়েকের ছোঁয়াছুঁয়িও ঘটে।

হিল্লোল ওঠে খলবলিয়ে।

মাঝে পড়ে রাস্তারই যত বিড়ম্বনা। এ দুয়ের যাবতীয় গোপন গল্পেরা তার বুকেই ঠাঁই নেয় কিনা! ঝরা পাতা আর ফুলের শরীরে ইকিড়মিকিড় লেখাজোখা সেই দলিল দস্তাবেজ রক্ষণাবেক্ষণ কম বড় কাজ বুঝি?

সবটাই পারে এমন দাবী তার নেই কিন্তু চেষ্টার খামতি যে নেই পথের সেটা বোঝে এই চিলতে আলো।
নিজে থেকেই এগিয়ে আসে টুকুন সাহায্য করতে, সঙ্গে সেই সে মাঠ চরা ক্ষুদে ক্ষুদে ঘুর্ণিবাতের থেকে সেধে মেগে নিয়ে আসে এক চুবড়ি চিকন বাতাস। ভারী বাধ্য স্বভাবী।

তো সেই ঝিরিঝিরি বাতাস আলতো পরশে দোঁহার আলাপচারিতাদের গুছিয়ে রাখতে শুরু করে পথের দুই ঢালের খাদে, হিলহিলে পগারের সীমানা বরাবর। ফিনফিনে আলো এদিক সেদিক পাতার ফাঁকে ফোকরে চলাচল করে, দিশা দেখায় কচি বাতাসীকে।

কখনো কখনো গুছানোটা হয়ে ওঠে, স্বস্তিতে ফিরে যায় পথের গায়ে মাথায় টুকদু আদর বুলিয়ে।
কিন্তু অধিকাংশ দিনই যেটা ঘটে তা হল স্রেফ এতোলবেতোল হয়ে যাওয়া, ছিটকে ছিটিয়ে যাওয়া সমস্ত বলাকওয়াদের।

কে জানে কোথায় ঘাপটি মেরে বসে থাকে বেদম ঝঞ্ঝার টুকরোরা, এরা কাজ শুরু করতেই ঝাপট মারে এলোপাথাড়ি। পলকে বেসামাল অতীত বর্তমান। ছিঁড়েখুড়ে একসা খোয়াবের খতিয়ান। কুটিল পাঁশুটে মেঘের খণ্ড আগলে দাঁড়ায় রুগ্ন আলোর চলা। কমজোরি এরা ভয়ার্ত যন্ত্রণায় ঠকঠকিয়ে দেখে খলখল তাণ্ডব। কাঁদতেও আতঙ্ক তাড়া করে। থরথরিয়ে নিজেরাই খিঁমচে ধরে নিজেদের যন্ত্রণানীল হৃদয়।

কোথা থেকে যেন খবর পায় সন্তাপ মোছা বৃষ্টি। ছুটে চলে আসে সব ইজারাদার গিঁটেদের বাঁধন ছুটিয়ে। জড়িয়ে ধরে বন্ধুতার আবেগে। এদের কান্নারা মিশে যায় ওর মরমী আর্দ্র বুকে।

হুতাশ খানিক প্রশমিত হলে ধীরে ধীরে ধুমসোর পাঁচিলটায় ঠেস দিয়ে বসে মরামরা আলো ও নিঝ্ঝুম বাতাস। শ্রান্ত বুকভাঙা রাস্তার ঠোঁটে গলায় টুপটাপ গলে পড়ে স্বর্ণচম্পকের ক্লান্ত ঝরাজল। জুঁই নিথর ঝুঁকে বসে থাকে ন্যাতানো পাপড়িদের ছেঁড়া টুকরোগুলো জড়িয়ে।

ওদের ক্লান্ত ঝিমঝিম গলায় বলে ওঠা পংক্তিরা স্পর্শ করে আমার অথচ আমারই না চেনা এক সত্ত্বার লুকোনো মায়াময় তন্ত্রী। শুনতে পাই--

...

আসলে কী জানিস, ডালের গায়ে পাতার আড়ালে কুঁড়ি হয়ে থেকে যাওয়াই ঠিক বোধহয়। কিম্বা তাও নয়, শিকড়, শিকড়েই একরকম ফুল হয়ে থেকে যাওয়া যেত যদি বা শিকড়ই হত ফুল তা খুবসম্ভব অনেকখানি নিশ্চিন্ততার।

ধর কেন, জুঁই আর স্বর্ণচম্পক যদি একই মাটিতে প্রোথিত শিকড়ে জন্মাত, তলায় তলায় আঁকড়ে বাঁচতে পারত সবার অলক্ষ্যে বেড়ে ওঠা পরস্পরের আকুতিকে, বেশ হত।

উপরতলার গুচ্ছের অসম প্রেমের পাহারাদারেরা থোড়াই হদিশ পেত এদের নিটোল অমলিন প্রণয় যাপনের।

ফুল পাতা হতে গিয়ে, সুন্দরতার দর্শনমাধুর্য সার্বিক করতে গিয়েই যত বিপত্তি।

হিংসাত্মক এক হিংসুটেপনার থাবা গেড়ে বসে আছে এরা অহর্নিশ। তাদের মোটাবুদ্ধি খরখরে মগজে এটা তো ঢোকেনা যে, অ আ ক খ মানেই যেমন কাব্য নয়, বিশেষ শারীরিক প্রত্যঙ্গও মাত্রেই তেমন স্থূল যৌনতা নয়।

দুটি পরস্পরের মর্মস্পর্শী অস্তিত্ব পাশাপাশি কিম্বা মুখোমুখি একে অপরকে আঁকড়ে জড়িয়ে থাকার মুহূর্তের পাঁচশো পচানব্বইটা অর্থ হওয়া সম্ভব। সেটা কেবলমাত্র একমাত্রিক জান্তব সম্ভোগ নয়।
ক্ষমতাধর অর্বাচীনের দল নির্লজ্জের দাম্ভিকতায় শ্বাসরোধ করে নিঃশেষ করে সুকোমল যত ঈশ্বরী প্রবৃত্তির।

রবিবাবুর রক্তকরবীর সেই সর্দার হয়েছে যেন এক একখান সব ভাবনাচিন্তায়!

ঠিক হ্যায়। আজ হেরেছি। কালও হয়ত হারব। হয়তোবা পরশুও। কিন্তু লড়াই তো নেহী ছোড়েঙ্গে। আলবিদা কক্ষনো বলব না।

পরশুর পরের দিনটা আমাদের হবে। আমাদের।
হবেই।

...

বেলাশেষ এগোয় সন্ধ্যাকালে। আলো ধীর পায়ে চলে যায় দিকচক্রবাল হতে নিজেকে মোছার কর্তব্যে। চিকন বাতাস মৃদুল চলনে সরে যায় দূরে, অনেক দূরে।

জুঁই আস্তে আস্তে মুখ তোলে, গুটিসুটি কুঁড়িরা ফুটিফুটি করছে সর্বাঙ্গে। অসহায় অথচ অপার্থিব কলজেছেঁড়া হাসি জাগে তার চোখে ঠোঁটে নাকের পাটায়। স্বর্ণচম্পকের নির্নিমিখ চেয়ে থাকা শ্রান্ত তৃপ্তি মাখে।

জয়দর্পী সেপাই সান্ত্রীদের আত্মতৃপ্তিতে  সাময়িক ঢিলেমি আসে নজরদারিতে আর এদের কাছে সুযোগ আসে আরেকবার, দূরবাসী সত্ত্বেও আকণ্ঠ ভালবাসবার।

নিজেকে মুছতে মুছতেই ওদের উদ্দেশে এক কোশ অকৃত্রিম ভাললাগা বাতাসীর পাখনায় ছুঁড়ে দেয় সহমর্মী আলো।

কনে দেখা আলো বলি যাকে।

Monday, June 4, 2018

খুঁড়বেন?

প্রত্যাখ্যাত
নিজেকে কুড়িয়ে নিয়ে উঠে দাঁড়ানো একটু  ক্লিষ্ট ছাইছাই রঙা ক্লান্তিকর।
অনাহুত
নিজেকে জুটিয়ে এনে ধরে বসানো একটু ঘেন্না সবজেটে রঙা বিরক্তিকর।

অথচ এই একঘেয়ে তিতকুটে কাজটা নিরন্তর করে চলে ঘেঁয়ো কুকুরটা।
উপায়ান্তর নেই বলে নাকি উপায়ান্তর খোঁজেইনি সে কোনোদিন!
...
আচ্ছা, আপনি খুঁজেছেন কখনো?
আমি খুঁজেছি?
...
অন্তত কেঁউকেঁউ প্রতিবাদটুকুও যদি খুঁজে পাওয়া যেত!
...
খুঁড়বেন একবার, আরেকবার?
আপনাকে। আমাকেও।

Friday, May 25, 2018

ধুলোচাষ

তোমার প্রেরিত
মেঘ ছুঁয়েছে জন্মনদী,
আমার সম্পদমূল্য
চৈতন্যে রাখা জন্মদাগ।

বিলাসিনী বারিষ
বিলোল দিঠি জনপদবধূ,
কার্ষাপণ অপ্রতুল
আকণ্ঠ তিয়াসি ধুলোচাষ।