Sunday, December 27, 2020

নাই বা গেলে

 বেশি দূর যেয়ো না, বুঝলে?

ছলাৎ ছল আড়চাউনি দিনমান পেরিয়ে, ছলছল চেয়ে থাকা শঙ্খালি সাঁঝ। 

বেশি দূর নাই বা গেলে।

টালিঘরের ভেতরে

গাঢ় নাভী থেকে উঠে আসে সেইই কাঁঠালচাঁপার গন্ধ। 

খসখসে, বহুদিন মরে ভূত মানিব্যাগের খাঁজে। 

টালিঘরের বাইরে

কাঁচা নালা থেকে উঠে আসে সেইই ভালো বমির ছন্দ।

করকরে, বহুদিন খসে প্রেত কলঘরের মেঝেয়। 

বেশি দূর যেয়ো না, বুঝলে?

গরগরে কলঙ্ক-রাগ আষ্টেপৃষ্ঠে জড়িয়ে, টলটল গণ্ডি কাটা ইমদাদী বাজ। 

বেশি দূর নাই বা গেলে ...


থকথকে রক্ত মেখে ছেতরে আছে কালাচের ত্বক।

শাঁখামুটি ইনিয়ে বিনিয়ে পেঁচাচ্ছে কেবল।

কী হয়! কী হয়!

 সাঁঝদিয়াই অন্ধ-মণিটিকে সাঁটিয়ে দিয়ে গেছে রাত চাদরে। সবজেটে-নীল বিষ লালায় মাখিয়ে। 

জানখসা ঠাউরেছে এরে সেই রঙিলা, বেল্লিক খেয়াল। 


দিনমানের সোনাল দিঠিটিকে খুবলে খেয়ে গেছে এক বাদুড়ে। এনামেল সানকিটা জিহ্বায় কাঁকিয়ে। 

এ খলিফাও দ্যাখ সেঁটে আছে বিলকুল, বেহায়া বাচাল। 


কবেকার পাথুরে প্রেতের দল, সারবন্দী লঙরে।

তামামশোধের খেলায় মেতেছে খেঁকুরে সময়। 

চোরাঘাই ঝাপটে চামচিকে সাঁতরাচ্ছে সাগরে। 

নির্বাক সুপুরির চিমসানো ডর, কী হয়! কী হয়!

Friday, July 17, 2020

ডুব

শ্মশানঘাট
ধুতি উড়নি চাদর তোষক
চ্যালা খাট

সমস্তের হাতবদল হয়। মাটিমাখা নাভীর দলাটা অবধি।

শাদা মালা
কাঠি মালসা ধূপ আতপ
সবরী কলা

মন্ত্রের চলনও বদলায়। নোট গুলোর অঙ্ক আদতে বিধি।

না ভালোবেসে থাকতে না পারাটা কিম্বা লাখ কোশিশেও না ভালবাসতে পারাটা
এধার ওধার হয়? অন্তত আংশিক?

কী বুকে যে টুপ করে ডুব দেব!

বাঁচতে ...

খয়ের রঙা ধান ভরা এক কৌটো
মিশি রঙা খোলস এক গোখরোর
চিড় বোঝাই খটখটে এক কলসী
পাল্লাটা খোয়া গেছে এক গোবরাট

বাঁচতে এসেছিল ওরা।

বৃষ্টি এইমাত্র থামল।

পরিত্যক্ত

যে মেয়েটা নক্ষত্রের পাড়ায় যাবে বলে হারিয়েছে আলেয়া গলিতে,
তার শাদা চোখ পড়ে আছে তোমাদের পরিত্যক্ত কুয়োতলায়।

মণি নিয়ে গিয়েছে আকাশ।

Thursday, June 18, 2020

ডাক পাঠাল

প্রৌঢ়ত্বে স্রেফ আঁকড়ে বাঁচি বর্ষাদিনের সে বিকেল বেলা,
আকাশ যখন মেঘ ঝরিয়ে কাচা আলোর গল্প বলা।
বিকেল ডোবে সাঁঝ-সোঁতায়, রাত-দরিয়ায় সাঁঝের ঝাঁপ,
নিঝুম রাত শিরশিরিয়ে ফিসফিসালো আদিম শাপ।
...

নির্জনতা ডাক পাঠাল
পাঁজর বাঁধে লাগল ঘাই
আকাশ গড়ে তপ্ত ধূম আর মাটি গড়ে শীতল ছাই।

কেউ কোত্থাও নেই

কেউ কোত্থাও নেই।

সময় বড় একলা হাঁটছিল।
রাজপথিক একা।
প্রজাপথিক একা।
নাগরিক একা।
মফস্বলি একা।
গ্রামীণ একা।
কানাগলি একা।
সব কটা সময় একাই হাঁটছিল।

তারপর সে অনেক, অনেক মানুষ দেখতে পেল।
তাদের কোলে কাঁখে ঘাড়ে আরও অনেক ক্ষুদে ক্ষুদে মানুষ।
চোখে মরিয়া ক্লান্তি, মরিয়া লড়াই।

সময় এবার ওদের পাশে পাশে হাঁটছিল।
খিদের ভাগ পেল।
রুটির ভাগ পেল।
তৃষার ভাগ পেল।
জলের ভাগ পেল।
জিরোনোর ভাগ পেল।
তামাকের ভাগ পেল।
সব কটা ভাগ পোঁটলা বেঁধে হাঁটছিল।

তারপর দিন থেকে রাত, রাত থেকে ভোর এল।
এ বাঁক পেরোলে ঠাহর হয় হুই দিগরে 'পৌঁছে যাব' নিশানি মোড়।
হঠাৎই ট্রেন এল, একটা ট্রেন।

সময় আবার একলা হাঁটছে।

কেউ কোত্থাও নেই?

(সময় কিচ্ছু দেয় না। কিচ্ছু নেয়ও না।
স্রেফ জমাখরচের খেরোর খাতা বগলে পথ চলে।
ওরা তার পিঠে ছুরি গেঁথে খাতাখানা কেড়ে নিলে!!!)