Thursday, April 19, 2018

যায়না!

কতদিন হয়ে গেলো ঠিকানাটা বদলিয়ে মেঘ,
আলসে তে বসে দেখে অযুত নিযুত রুখু ছাদ,
ডানা ঝাপটায় পরাজিত অক্ষম আক্রোশে,
কেন দশ নখে খিমচেও বৃষ্টি নামানো যায়না?

রং

মৃত্যুর রঙ কি?
সাদা কালো অথবা দারুণ জমাট নীল?
শ্যাওলা পাঁশুটে নাকি ঘেঁটে যাওয়া বেগুনী?
টকটকে নির্লজ্জ লাল নয়তো?
জীবনের চরম ও চূড়ান্ত ট্র্যাফিক সিগন্যাল...
আর এগিও না!
এবার ঘরে ফেরার বেলা। মরচে পড়া বিকেল।

দাহ স্নান

ক্ষয়াটে সাদা কোনওলা আর্চি'স হলমার্ক,
কুঁকড়ে কালচে গাঢ় মড়া গোলাপের মমি,
ভুলে মেরে ফেলা "কথা"ওলা চিঠির দিস্তা,
দুই থেকে চারখানা ঠোঁটে বমি ঝর্ণা কলম,
আলমারির শেষতাক নাকি নিমতলা শ্মশান!
...
একটা টুকটুকে লাল বুক মতো সাবান,
এখনো জীবিত!
যাক, দাহ স্নান এ কাজে লেগে যাবে ও।

চিনিনা

আমি যাকে ভালবাসি সে খোয়ালে পলাশের কুল,
আমি যাকে ঘৃণা করি সে গোছালে শিমুলের ভুল।

আমি যাকে কাছে ডাকি সে বোঝেনা প্রেম মানে লাজ,
আমি যাকে দূরে রাখি সে চায়না প্রণয়ীর তাজ।

আমি যার চোখে বাঁচি সে মেটায় পেশিময় ভুখ,
আমি যার বুকে বাঁচি সে রাঙায় আঁচলের সুখ।

কে আমার সর্বগ্রাসী ভালোবাসা?
কে আমার বড়ো মিঠেল ঘৃণা?

এতো সর্বনাশ পেরোলাম,
আজো
ফাগুনের বিকেল চিনিনা!

Wednesday, April 18, 2018

পারিনি

তোমার শহরে মেঘ বিছালো অভিমানী যে আকাশ
আমার ছাদেতে বৃষ্টিরা তার দোসর থেকেই ঝরে।

তোমার আলসে ভিজিয়ে চুপ যে বোকার হদ্দ কাক
আমার বাগানে ঝাউগাছ থেকে তার জোড়াটাই পড়ে।

তোমার টেবিল উলটপালট কাগজ কবিতা উড়লো
আমার একলা সারেঙ্গী জানো সেই ছন্দেই বাজছে।

তুমি না চাইতে যে মনেপড়া তোমায় জড়িয়ে বাঁচলো
আমার হাসনুহানার মিঠাস তারি সোহাগে সাজছে।

আমরা নাকি ভুলে যাবো সবটা এমনি এমনি
অতোটাই সোজা বুঝি? পেরেছো? পারিনি, পারোনি।

দায় নেই

খুব আপন কিছু খুইয়ে ফেলার ভয় নেই।
নিজের বোধের কাছে দেওয়া একটা কথা ছাড়া,
আমার কোনও কথা রাখার দায় নেই।

আমায় তারা অজস্র কথা দিয়েছিলো।
সেসব তাদের খুব সম্ভব মনেতে নেই।
কোন একজন্মে যে সমেতাল মিলেছিলো।
সে বাজনার তারেরই আজ হদিশ নেই।

প্রেয়র কাছে পৌঁছে যাওয়ার তাড়া নেই।
নিজের আত্মার কাছে দেওয়া সেইসে কথা ছাড়া,
আমার কোনও কথা রাখার দায় নেই।

একেক করে সবটা ক্ষতই ক্ষয়াটে হলো।
বেইমানির ঘায়েরা আর দগদগে নেই।
অসম্মানের কালশিটেরাও মিলিয়ে এলো।
প্রতিহিংসার হিসহিসানি-র মরণ নেই!

সেই মুখোশীদের মারণ পূর্বে তর্পণ নেই।
নিজের প্রেতের কাছে দেওয়া এই কথাটা ছাড়া,
আমার কোনও কথা রাখার দায় নেই।

দিলেনা

তুমি বললে আকাশ দিলাম,
আমি পেলাম রিক্ততা।
তুমি বললে মাটিও দিলাম,
আমি পেলাম স্তব্ধতা।

তুমি বললে সাগর নেবে?
আমি শুনলাম হা-শূন্য।
তুমি বললে পাহাড় নেবে?
আমি দেখলাম কাঠিন্য।

এতো কিছু পেয়েও আমি পূর্ণতা তো পেলাম না।
এতো কিছু দিয়েও তুমি, নিজেকেই তো দিলেনা!