Thursday, June 18, 2020

তুইই বল!

অনেক দূরের জন্ম থেকে গন্ধ বিলোয় খোঁপার ফুল।
রঙিন ঘোরে ঘিরছে আনখ জ্বলন্তমোম জোছনা রাত।
আকুল ভুলের জন্ম দিল শিরশিরানি ঝুমকো দুল!
এখন কি আর সম্পর্কেরা সুতোয় বাঁধা জন্ম সাত?

শিমুল পলাশ সেই বিহানে রডোডেনড্রন মাতাল দিক।
মুঠো ধুকপুক হৃদকমলে পা বাড়ানোর অচিন ভয়।
আজ রাখলি আজব দাবী (সে) কৃষ্ণচূড়া ফিরিয়ে নিক!
বিনিসুতোর মালায় কি সবার চিরকালীন রাজ্যি হয়?

এত আলো এত আকাশ নিটোল প্রেমের জমাট দাগ।
মুহূর্ত যেই পেরিয়ে গেল মৃত্যু দাগের আধখানা পল।
বোকাইচণ্ডী বুঝতে হয় রে কানাকড়িতে বিকোয় রাগ!
বড্ড ক্ষুদে স্মৃতির দেরাজ ; কোথায় রাখি, তুইই বল?

নাগর জীবন না-ঘর জীবন সুর-বেসুরো জোড়ের গান।
নগর যাপন মালুম না পাক, অশ্রুসজল তোফাই স্নান।

হাঘরে

দিনগুলো ঘোলাটেপারা ঠেকছে।
কেটে সাফ কৃষ্ণচূড়ার শিকড়ে হোঁচট পা-টা বাড়ালে।
তোমায় মনে পড়ছে।

রাতগুলো ধূসর তাঁবুতে মুড়ছে।
ফর্দাফাই আবিরের ঠোঙাপচা গন্ধ গুমোট বাড়ালে।
তোমায় মনে পড়ছে।

একসময় রঙ দোল এলে, তুমি নিশ্চিত আসতে।

বসন্তই সম্ভবতঃ, নামটা তোমার।
নয়?

ইদানীং আমরা অভ্যস্ত নানা উচ্ছিষ্টের যাতায়াতে।

হাঘরে সম্ভবতঃ, নাম আমাদের।
নয়?

অক্ষম প্রাণ

এঁরা কেউ কথা রাখেনি।
সুতলির গিঁটে বাধা অক্ষম প্রাণ, টান পড়লেই ছিঁড়ে যায়।  কথা রাখবেই বা কী করে!
রাখতে পারেনি।
তুমি কথা দিয়ে রেখেছ আমাদের। মনে আছে তো?
সে কথা রেখো।

ওঁদের কিন্তু অমৃতলোকেই রেখো।

Monday, February 24, 2020

শিকড়

বিমান তার পায়ের পাতাদুটি মাটি থেকে যেইমাত্র আলতো উঠিয়ে নেয়, হাউমাউ কান্না পায়।
সবসময়ই এমন নয় যে রওনা হওয়া অভ্যস্ত জিরেতের বাইরে, এমনও নয় যে বহু বহু কাল পরে ফেরার সময় মিলবে। এমনকি হয়তো ফেরাই হচ্ছে সাম্প্রতিক নিজভূমে।
তবুও কান্না ডাকে। হু হু করে ওঠে পাঁজরার খাঁচা।
বোধকরি মাটির অমোঘ টান হল এই।

পায়ের তলার মাটি বড় মহার্ঘ বস্তু হে।
প্রতিটি উদ্বাস্তু অস্তিত্ব রক্তকণায় বয়ে চলে ওই নাছোড় মাটিটুকু আঁকড়ে থাকার তীব্র পিপাসাটা। প্রজন্মের পর প্রজন্ম হতভম্ব উত্তরাধিকারী সেই তেষ্টার।
কী ভীষণ প্রেম! কী ভীষণ বিতৃষ্ণা!

আসলে শিকড় সাপের চলন অভ্যাস করে।
আসলে শিকড় জিনের কথন গ্রাস করে।
শিকড় বড় অভিমানী। শিকড় বড় ক্ষমতাধর।

মহার্ঘ্য দাবী রেখে গিয়েছে সবকটি পা এবং বুকের ক্ষতচিহ্ন। অফেরতযোগ্য।
উজিরপুরে বাস্তুসাপের খোলস কাগজী লেবুগাছে শুয়ে থাকে অসহায়। আসামী হেমন্তের চোখ জ্বলে। রাগী চোখ এড়িয়ে জল ঝরে।

শূন্য করোটি আরও শূন্য বাতাসকে পথ জোগায়।
বায়ুভূক নিরালম্ব মুখস্থ বলে আজন্মের অঙ্গীকারনামা।

ছেলেটা চলে গেছে অগম্য দূর পার।

Tuesday, February 4, 2020

আদৌ?

রোগা নদীটা সাঁঝ গড়ালেই রামধনু রঙ রেশম শাড়ি আজও পরে।
কতকাল হয়ে গেল বল দেখি, কাছাকাছি বসে থাকিনা জল-ছুঁই ঘাটের পৈঠায়।
অনিন্দ্য নৈঃশব্দ্য।

চিলতে আকাশটা আলো দেখলেই তুঁতে চন্দন জামেওয়ার শাল আজও জড়ায়।
কতযুগ পার হল ভেবে দেখ, পাশাপাশি হেঁটে পেরোই না ভোর-ছুঁই সাঁকোর জমি।
অলঙ্ঘ্য নৈকট্য।
...

কিন্তু এটা তো তুমি মানবে বল,
আমরা তো কোনও এককালে এসবই করতুম কেবল।
খুব রকমেই করতুম, কি না?

মনে পড়ে? আমারই কি পড়ে আদৌ?
...

আজকাল কেবল একটা বিরাট চাদর পেঁচিয়ে প্রেতের মতন চলাফেরা করে থাকি। 
বড্ড ভারী ধরণের কালচে রঙ সেটার।
নাকটা কেবল বেরিয়ে আসে। আরও ভারী গন্ধ টানে।
ঘন জমাট অভিমান।
অভেদ্য। অচ্ছেদ্য।
...

আরেকটি সত্য গন্ধেরও ঝাপটা টের পাই,
অল্পে অল্পে খুইয়ে ফেলছি আমাদের দামী সকলটুকু।
সামান্য হলেও পাচ্ছ নিশ্চয়, নয়?

বোঝ তুমি? আমিই কি বুঝি আদৌ?

Saturday, January 18, 2020

শোকগর্ভা

পাঁজরার খাঁজে কোনও গতিকে সিঁটিয়ে থাকা পাতলা কাতর মাংস ছেতরে ঝুলছে।
তাদের
জংধরা এক কাঁচির খুনে ডগায় খুঁচিয়ে চলেছে নিষ্পাপ নিয়তি।

নিমেষ তক রেয়াত না দেওয়া ঘাড় ভাঙানি ঢেউরা দাপানির উমান দিতে ব্যস্ত।
তাদের
নির্মম দবদবায় ঘাই ফেরতের অবসর পাচ্ছে না ফিরতি ঢেউ।

জুঁইয়ের খরখরে পাপড়িরা ছুঁয়ে ফেলা থালাবাসনে রেখে গেছে বাসী রক্তের ছোপ।
কাঠ কাঁচের ঘেরাটোপে মমি হয়ে দেওয়ালে লেগে আছে কিছু মরে যাওয়া মুহূর্তেরা।
চন্দনের শখানেক মামড়ি ইতিউতি উড়ে ছড়িয়ে দিয়েছে সংক্রামক শোকগর্ভা ক্ষোভ।

আশপাশ ছেয়ে কেবল কনকনে একলাবোধি ঝাপটা।
চামড়া চিরে ফেঁড়ে ফালাফালা করা অগুণতি মৃত নখের ঝড়।

মৌলা মেরে লে হি লে মেরি জান।

দেদীপ্য শতদল

এটা একটা স্রেফ কিছুমিছু। মণিকর্ণিকার কিছু ছবি দিয়েছেন Swati Sanyal স্বাতী সান্যাল। সেগুলো দেখেই এগুলো ওগরালাম আর কী!

"এ পিত্থিবির গভ্যের সবচে' আদরী ফসল ঝে ধান্য, তার টান জীবির জিভ ত্যাগ দিলি ভাববা সে জীবির শরীল ত্যাগ দেবার সময় এ্যসি গ্যেছে। আরও জোরালো গোপন টান দেছে তারে অন্য ভুবন। তারে যাতি হবে নে এইবেলা। চক্কু মুদলিই দুই ভুরুর মদ্যি কেডা ঝ্যান ফুকারি ফুকারি ওঠে,
'চল গো, নাও তৈয়ের, ঝা কিছু সত্যকার সঞ্চয়, ঝোলায় ভর আর এগোউ দেকি ঘাটের দিকি। কী কও? বলি যাবা? কারে কী বলি যাবা? এইডে করবা? ওইডে করবা? হা হা হা! অখন তো মণি তুমি মরবা! জিরোনের বেলাটুকুও আর নাই গো, বলা কওয়া থাকল আধসারা। লগিদে ঠ্যেল দে দেছে রে নাও, মাঝি সে নিঠুর নিয়তি পারা।'
জিভ আড় জুড়লো তো বোঝপা মরণও আড় ভাঙল।"

স্বাদকারক অসহায় ভবিষ্যদ্রষ্টা, সর্ব্বপ্রথম সে পায় আগত মৃত্যুর লবণাক্ত আঘ্রাণ।
ঈশ্বরীর কাঁখে চিতানির্বাণ কলস, জগৎ বেড় দিয়ে ঘেরে নির্ঘুম মণিকর্ণিকা মশান।

"মায়ার সমসার, বুঝলা মণি?
টান তারিরো বড় কম তো নয়, জেবন শিকলি ছিঁড়তি সে বহু ঝটাপটিই চলে জীবির করোটি আর পঞ্জরের। কিন্তু তারেও পরাস্ত হতিই হয় একসময়। প্রাণবায়ু ডগায় বেঁধোয় ভবিতব্য খঞ্জরের। তখন মাসমেদের শরীল ঘেরে জ্বলন্ত কাঠ আর আগুনের ছপটি পড়ে বাসনার শরীলে।
জীবাত্মা আর কী করে বল দিন্ বেচারা,  আছাড়িপিছাড়ি খায় গতিপ্রাপ্ত আত্মজনের নিরালম্ব অস্তিত্বি। এই অ্যাতোটুক অ্যাতোটুক মিঠেকড়া কামনার সব ঘা খাওয়া টুকরোসকল কুচি কুচি ছিটকি পড়ে তেনাদের অশরীলে।"

বিদেহী পূর্বজ ধারণ করেন অনুজের অবোধ আকাঙ্ক্ষা, সার্থক হয় উত্তরপুরুষের সপিণ্ডকরণ।
অশান্ত চাহিদার গনগনে অগ্নি পথ অতিক্রম করে বায়ুভূক, জাগে অচঞ্চল শিখা নীল নির্বাণ।

"ফুলকি ওড়ে কেবল, অজস্র ফুলকি।
মনে লয় য্যান 'আকাশস্থ নিরালম্ব বায়ুভূক নিরাশ্রয়' রাশি রাশি আলোর পাপড়ি।
নিরুচ্চার তরঙ্গ ওঠে :
আমরা আছি গো, সব্বাই আছি, তোমাগের মধ্যিই আমরা বাঁচি।"

উত্তরপুরুষ ছায়া অপসৃয়মান, রাত বাড়ে, ঘুম আসে।
কেবল সৃজন জুড়ে এক দেদীপ্য শতদল জাগে।