Wednesday, April 10, 2019

কার দিকে?

আকাশের কটি স্বেদবিন্দু ছুঁয়েছিল হঠাৎই এক রংচটা মাজাভাঙা ইট।
তারই খাঁজে ডেরা ঘরে শুয়েছিল এক শুঁড়ছেঁড়া ঘোলাটে বোবা কীট।

শুষে নেওয়ার তীক্ষ্ণ প্রতিযোগিতা।
শুরু হল।

কার দিকে আঙুল তুলবে হে?

দেখা মেলে না

কথা দিলাম নোনাজল অধিকৃত জমিজিরেত, ফেরত নেবে বুক।
কথা দিলাম খাঁচা ভেঙে কাঁধে এসে বসবে, অলীক বাসন্তী সুখ।

স্রেফ কথা দাও, অনেকটা ঝড় হলেও ঝাউগাছের চূড়ো থেকে কচি কাকের আস্তানা পড়াটা আটকে দেবে।

দেবে?

কেবল অঝোর বৃষ্টি পড়ার মত চারপাশ গেঁথে চলেছে কেউ।
জলের আর দেখা মেলে না।

পরাজয়

ডানা ভাঙার পরে দেখা যায় তৃষিত আঁখিপল্লব ছুঁয়ে আছে সমস্ত পরাজয়।
ছুরি বসা পিঠে মুখ গোঁজা বিশ্বাসের লোভী ঠোঁট ভিজিয়েছে রক্তস্রোত।
ঘষটে ঘষটে এগোয় টিকে থাকা।

"ভালবাসা" আভিধানিক নড়াচড়ায় স্তিমিত।

নদী ও নারী

নদীর সাথে সই পাতায় নারী।
চেতনে বা অবচেতনে। অধিচেতনে জীবনভর স্বেচ্ছা বা পরেচ্ছায় বহতা ধর্মের অকৃত্রিম মিলই বোধকরি এক অনিন্দ্য গ্রন্থিবন্ধন করে দেয়।
তাই পরস্পরে দেখা সাক্ষাৎ হলেই অনির্বচনীয় আনন্দীদোল জাগে। এর ছপাৎ পা ফেলাতে ওর ছলাৎ আলতো ধাক্কা।

টলটল টলমল।

রূপোর পাঁয়জোরের চমকানি ঢেউয়ের রূপোলী ছটার ঝলকানির সঙ্গে তাল ঠোকে। নথ ঝাঁকিয়ে ছদ্ম কলহ। তারপরেই হাসির ঝর্ণা ধারা উভয়েরই স্নান সারে। প্রাথমিক উচ্ছ্বলতা মিটলে, থিতু হয়ে বসলে ঢেউয়ের ঘাই আর বুকের ঘাই এর নিজস্ব ভাষাচলনে চারটি দুখসুখের আলাপও সারা হয় ধীরে ধীরে।
চাওয়া পাওয়া চেয়ে না পাওয়া কিম্বা না চাইতেই পেয়ে যাওয়ার টুকরো টাকরা খতিয়ান। একলা দোকলা দেওয়া নেওয়ায় আট ছয়ের বা বারো দুয়ের ভাগাভাগিতে জুটে যাওয়া চোদ্দ সম্বলে, বাকি দু আনা পড়শি দিনে গেঁজে বন্দী হয়ে যেতেও তো পারে এই লোভাতুর স্বপ্নকল্প অপেক্ষায় মধ্যবিত্ত আজকালপরশু গড়ান গুজরান।

কলকল ছলছল।

তো এভাবেই একদিন আমার সাথেও জুড়েছিল নদী। সবাইকারই যেমন জোড়ে। যে কোনও মুহূর্তে এক উপায়ে স্রোতস্বিনী আলতোভাবে দৃষ্টি ঘরের চৌকাঠে এল কী কুলকুল করে জেগে ওঠা অকারণ খুশিদল জাকুজির মত নিমেষে ভিজিয়ে দিত বুকের আনাচকানাচ। থোড় বড়ি খারা যাপনের নানাবিধ বঞ্চনা পরবর্তী জঞ্জাল পলকে সাফসুতরো। গড়ে উঠতাম। ভরে উঠতাম। তৃপ্ত হতাম। জীয়ন সম্পৃক্তি বাড়ত বেশ খানিক। স্নেহ প্রেম যৌনতা ঈর্ষা একাকীত্ব সমস্ত বোধের আসঙ্গী।
...
সব উলটিপালটি ইদানীং। তীব্র বিবমিষা জাগে নদীর নামোল্লেখ এলেই। তবু নিজেকে টেনে হিঁচড়ে পাড়ে দাঁড় করালে ওপারের আকাশ জুড়ে হানা দেয় দুটি ফ্যাকাসে কাঁপতে থাকা নীলচে শিরা জাগা পাতা জুড়ে গড়া অঞ্জলি। কিছু রাখা তাতে। নাহ, কণকাঞ্জলি নয় সে, তাতে ধরা আছে গলাগলা খুব কালো মাটি ঠাসা একটা খনখনে সরা ক্লান্ত জুঁই মালার নরম কঙ্কাল জড়ানো। ঘণ্টাখানেক আগে আনভিটা এক নাভীকে অজানা তীক্ষ্ণগন্ধী মাটিতে গুঁজে অচেনা তীব্রবুভুক্ষু তরঙ্গ গ্রাসে কৃত্রিম ভিটের খোঁজে পাঠানোর প্রক্রিয়ার সূচনা। পর ক্ষণ হতে অনাথ সোনাবীজ আশ্রিত যাপনে রয় খেয়ালী নাব্যতার।

থিরতাল টালমাটাল। 

আজকাল নদীর দিকে চাইলে আমি জল দেখিনা। নাভী দেখি কেবল। শয়ে শয়ে হাজারে হাজারে নাভী। জোয়ারে ভাটায় ষাঁড়াষাঁড়িতে অকল্পনীয় সংখ্যক নাভীর গলগলিয়া হুড়মুড়ানিতে শক্তিগর্বী একটি নাভীস্রোতা খলখল করে চলেছে। পিশাচী নাচনী এক। সাক্ষাৎ নিয়তি। বীভৎস দবদবা।

খলখল গলগল।

অসহায় নাচার আমি হারতে হারতে হটতে হটতে শেষমেশ নিজেকে কুঁকড়ে গুটিয়ে গুঁজে রাখার চেষ্টা করি আমার শেষ সম্বলে। বড় ঘরের শতাব্দী প্রাচীন খাটে। বাবার বিছানায়। বালিশের প্রায়ান্ধকারে।
আচমকা আমি টের পাই নদীর রকমেই স্রোত উথলায় আশরীর। বান আসে। মরণ সঙ্কোচনে হাহা ডাক ছাড়ে ব্যক্তিগত প্রয়াত নদী। প্রমাণ হয় সে আপাত প্রয়াণ। মরা নদীর সোঁতা চুঁইয়ে আসে আড়ালী ফল্গু বা শীর্ণা সরস্বতী।

তারপর ...

আমার ঘেন্না পায়। সবকিছু যা ঢেউয়ে আছে। আমার ভয় পায়। সবকিছু যা ঢেউয়ে বাঁচে। 
সেই সাথে নিজেকেও।
কারণ আমি জেনে গেছি প্রতিটি নারী, তরঙ্গত্রাস সত্ত্বেও, চাও বা না চাও, আসলে নদী।

Monday, March 11, 2019

অমোঘ

স্বপ্ন এক্তিয়ার ভুক্তির চারপাশটা ঘষা কাচে গড়া হয়। অতলান্ত তালশাঁস রঙা জলে জেগে ওঠে এক বা একাধিক প্রতিভাস। চৌকো চৌকো এক সার গেঁজে ওঠা কোটরে একের পর এক অ্যালবাম খসা নস্য-হলুদ পাতা মনভাঙা শুয়ে থাকে পাশ ফেরা।

স্বপ্ন ওদের কাতরে কাতরে ডাকে, হাটকায়, খোঁজে।

ওরা কেবল বেভুল ওড়ে, পড়ে এবং হঠাৎই হারিয়ে যায়। এ চলাচলে কখনো হয়তোবা একরকম নিশি টানে বুকের কোল ঘেঁষে বসে এবং নিয়তি টানে আঙুলের কোল গলে মিলিয়ে যায়। বুড়ো সেগুন পাতা ঝড়ের জাড্য ধর্ম বইবে এমনই ধারা।

চোখ এদের খিঁমচে খিঁমচে ধরে, আগলায়, জ্বলে।

অমোঘ মোহ।
অমোঘতর মায়া।
অমোঘতম মৃত্যু।

তবে, প্রেম?

Tuesday, February 26, 2019

নারী হও। মারী হও।

বড় সপাট হয়ে যাচ্ছ। বড় নিষ্ঠাবান রকমের একবগ্গা।
নরম হও। নত হও।

কমনীয় হও।
যেভাবে তৎক্ষণাৎ ঘাড় নুইয়ে বাতাসের অহং তৃপ্ত করে গমের বীরুৎ, সেভাবেই ঝুঁকে যাও।
নমনীয় হও।
যেভাবে গরিষ্ঠের হুঙ্কারে নিজ লেজের কুণ্ডলী দেখায় বেপাড়ার কুকুর, সেভাবেই গুটিয়ে যাও।
রমনীয় হও।
যেভাবে গর্বস্ফীতের অভব্যতা এড়াতে স্বেচ্ছা স্তব্ধ হয় প্রাজ্ঞগর্ভা স্বর, সেভাবেই থেমে যাও।

বড় সরল হয়ে আছ। বড় স্পর্শকাতর রকমের আবেগপ্রবণ।
জটিল হও। কুটিল হও।
...
স্বর্ণলতা দেখো।
আকর্ষে জড়িয়ে রাখে। আকর্ষে পেঁচিয়ে মারে।

নারী হও। মারী হও।
অরি হও।

Monday, February 25, 2019

কী করব?

চোখের পাতাদুটি থরথর করে উঠল। ছেড়ে গেল একে অপরকে। অনিচ্ছা মেশানো স্বাদ জিভে। আকুল যন্ত্রণা জড়িয়ে নিলো গোটা দেহ।

বৈঠা হাতে ধরা, মোষকালো জলস্থল।

হুশ ফিরল বুঝি। গোঙিয়ে বইছে গাঙ।
মনেও যেন পড়ল কিছু। ঝড় উঠেছিল। মারণ ঝঞ্ঝা।

...

নাওয়ের তালাশে বসা ঠাঁয়ে হাত বোলালাম। বামে ডানে চাইলাম। দেরী হয়ে যাচ্ছে বোধহয়। বাইতে হবে কে জানে কত সুমুখ যোজন।

বাঁও মিলবে কোন সে পরাণখাগী বাঁকে ।

হাতড়ে হাতড়ে এগোলাম। হাঁটু ঘসটে গেল হাতের পাতা ছড়ে গেল। টাল বেসামাল। নাও তো ঠাহর হয় না।
...

রক্ত চুঁইছে কষ চিরে। চুঁইয়ে চুঁইয়ে বেরোচ্ছে টাটকা হেরে যাওয়া।
বুঝতে পারলাম।
যদিও সে বৈঠা খানা মুঠোয় ধরা, নাওয়াল হবার জো নেই আমার। নৌকোচরের পাড়ে বসিয়ে গেছ।
গলুই তে নয়।
...
এতখানি একা। এতকাল পর।
এখন আমি কী করব?