Wednesday, April 18, 2018

স্পষ্ট বাক

নষ্ট মেয়ে কষ্ট লেখে,
পিষ্ট আঙুল ক্লিষ্ট আঁক।
রুষ্ট পুরুষ 'হোক কুষ্ঠ' শাপে,
তুষ্ট "পরম", 'তুই স্পষ্ট বাক।'

নারীর উপর ন্যস্ত

ছুঁয়ে যাওয়া কবিতারা বহুদিন আধপেটাই শীতঘুমে,
ভালোলাগা কবিরাও সংখ্যাধিক্যে নিমগ্ন কোনোখানে,
নতুনতর যাজনে।
অপিচ কোনও কোনও কবিরা কিন্তুক বড্ডই বেশ ব্যস্ত,
আরে বই বেরোচ্ছে বইমেলায়, কবিতার(!) জানিসতো,
দেঁতোঠোঁট প্রশস্ত।
...
কেঁপে উঠবো না কি আর কোনোদিন কারো ঝাউবনের কথোপকথনে?
আজকাল কাটতির ভার প্রচ্ছদে শায়িতা নগ্ন কিম্বা অর্ধনগ্ন নারীর উপর ন্যস্ত।

মন ভালো নেই

মন ভালো  নেই একলা দুপুর কিতকিতেরা দাওয়ায় শুয়ে,
ঝিম ধরালো ছোঁয়াছুঁয়ি মাতাল ব্যথা গলায় রুয়ে।
কুমির ডাঙার মিথ্যে নদী "ডুববি সাথে?" ফুসলে ডাকে,
চিঠি কাকুর ঝোলার আড়াল লুকোচুরি অথৈ বাঁকে।

তুই কেন রোজ ডাকতে আসিস, গাদীর কোটটা কাটা ফেলে?
ইষ্টিকুটুম কামরাঙা কি তোর রাজত্বে সদাই মেলে?
আনবি না আর কক্ষনো তুই আমার জন্যে কেবল একা।
ফুলি কেমন ঠোঁটটি বেঁকায়, গিনি তড়পায় আমরা বোকা!

যায় নি আজ ডোরা শার্ট খেলুড়ে তার মিতার বাড়ী,
অমন করে ঝাঝিয়ে দিলি, তোর সঙ্গে ভীষণ আড়ি!
কিন্তু মন তো বসছে না আজ ডাঙ্গুলী আর গোল্লাছুটে,
কেন যে ছাই চোখ ভেজাচ্ছে আখাম্বা জল বেবাক জুটে।

বিকেল সাজে জড়িয়ে গায়ে কুমকুম আর স্বর্ণচরী,
খালের ঢেউয়ে সামাল সামাল কি লেখা এক ছোট্ট তরী।
আনমনা সুর উথলে পড়ে আড়বাঁশির ওই বুকটা দুলে,
বকুল গাছের উঠোন ভরা মুখ ভার সব শুকনো ফুলে।

সন্ধ্যে প্রদীপ উঠছে জ্বলে ঠাকুরদালান তুলসীতলায়,
"বাঁশিওলা, ফিরবি না আজ" কে শুধোল আলতো গলায়?
সাঁঝের আলো চুঁইয়ে নামে অশ্রুধোয়া পান পাতাটি,
কে বলেছে কৈশোর প্রেম সব শাপিত সবটা মাটি?

খেলুড়ে দুটি চললো  ফিরে নিজেদের সেই নিটোল গাঁয়ে,
কাগজের নাও এক হাতে আর বকুল বাঁশি  অন্য টায়ে।
গোল্লাছুট কুমিরডাঙা চুউউ কিতকিত এবার আসি?
আমরা তোদের আজও জানিস, অনেকখানি ভালোবাসি।

অযোগ্যতা

অনেক দিনের পরে,
এক সে ঝলক ঝলমলিয়ে রাজহংসী চলা,
থিতিয়ে যাওয়া মুগ্ধতাকে আবার চলকে দিল।
অনেকটা দিন আগে,
শ্রাবণসন্ধ্যা চায়ের ধূমে চোখের কথা বলা,
দোকলা হব লুকোনো সাধ আঠারো আনা হল।
অনেক দিনেরা কেটে,
পাশুঁটে প্রৌঢ় আঙুলেতে মুকুতা এবং পলা,
নীলা সওয়ার অযোগ্যতা আজও খিঁমচে গেল!

বাঁধবি?

জানিস সুপূর্ণা,
কোনো কোনো প্রেম দাঁড় ঝাঁকানি ঘমন্ডী কাকাতুয়া।
ঝুঁটিফুটি বাগিয়ে সে এক দস্তুরমত আড়ম্বরী আশনায়।

টেকে না...

একেকটা আবার,
ঝিম লাগা ঝুম দুপুরে আতেঁল গেরেমভারী ঘুঘুটি।
কিঞ্চিৎ ডাঁয়েবায়ে থুত্নিটি নাচিয়ে ব্যারীটোনে দিল দ্যায়।

থাকে না...

দুচারটে এমন,
হরদম কিচিমিচি সাজুনে গুজুনে ছটফটি টিয়ারা।
লাফিয়ে চিকরিয়ে এক ঠোঁটেমাখা ভালোবাসা বাতলায়।

বোঝে না...

উফফ! থামবি?
কি হলো! বলবি?
সবই তোর টেকে না থাকে না আর বোঝেনা!
সুপূর্ণা, কোন বুকেই ভালোবাসা কি বাঁচেনা?

জানিস রণজয়,
আরেক সে প্রেম দুই সিধেসাদা গেরস্তঘর চড়াই।
দিনভর ব্যস্ততা সন্ধ্যেয় দুটি বাঁধে সোহাগকে আচঁলায়।

আজকাল বুঝলি, মোটেও অমনটা হয় না!
জানিস ভারী, তোর আসল প্রেমতো সয় না! 

এভাবে,
গোধূলি জোগায় কথোপকথন বাঁধুনী,
দুজনায় গড়ে চাপানউতোর এ বেনুনী।
হটাৎ,
বিকেলে মিশছে পূরবী নিজেকে রাঙ্গিয়ে,
কনে দেখা আলো তর্ক টা দিলো ডুবিয়ে।

ওমন বুকে বাঁধবি সুপূর্ণা?
এমন ভালোবাসবি, রণজয়?

জীয়ন

রণ,
কাল রাত জুড়ে চোখে টায়টায় আকাশ ছিল আমার।
বিহান বয়সী প্রেম তালাশে ফিরেছি তারাময় অবয়বে।
সাঝঁ বয়সে এ কি নির্লজ্জ বিচ্যুতি রোজনামচার।
কালপুরুষে এখনো তৃষ্ণা আকণ্ঠ জাগে অপার্থিবে! 

পূর্ণা,
কুহকী নিশির ডাকে সাড়া কাল দিলাম অমানিশায়।
আশরীর মেখে নিলাম অশরীরী অতীতচারিতা।
প্রাকপ্রৌঢ় গুজরান মৌতাতে তরর্ বেহুদা নেশায়।
অ্যান্ড্রোমিডা আজো চোরাচাউনির সেই অবগুণ্ঠিতা!
...
ইশশ্! কতো বেলা হয়ে গেল।
আহ্! এতো বেলা বয়ে এলো!
...
এই যাপনের সমস্তটাই নিষিদ্ধ
এই যাপন ব্যার্থ প্রণয় নিষিক্ত।
...
তাই বলে কি অ্যান্ড্রোমিডা
তাই বলে কি কালপুরুষ
মুছে দেবে রাতের জীয়ন?
ধ্যাত্ ধুর্ হ্যাটট্ হুউউশশ্!

পবিত্রতম

ছেলেটি ঠোঁট দিয়ে ঠোঁট ছুঁলে মেয়েটির পবিত্রতা নষ্ট হয় না, ছেলেটি পবিত্রতর হয়।
...

ছেলেটি চোখ দিয়ে শরীর চাটলেও মেয়েটির পবিত্রতা নষ্ট হয় না, ছেলেটি অপবিত্রতর হয়।