Thursday, June 18, 2020

নাছোড়বান্দা আশা

মরে যাওয়া জন্মগুলোর যত অপূর্ণ সাধ, এক আঁজলায় মিটিয়ে নেব গতাগত জন্মের শোধ।
আগামী জন্মে।
না রাখা সমস্ত কথাদের লিখে রাখা খাতাগুলো জড়ো করে, উস্কে দেব দারুণ ক্রোধ।
আগামী জন্মে।
প্রত্যেক সুখী ঘরে হানা দেব, মুঠোয় থাকবে অনৃত কথাকারদের কলার আর চুলের গোছ।
আগামী জন্মে।

এ জন্মে কেবল মরামাছের চোখ হয়ে টিকে থাকি।

(ঐ আগামী জন্মকেই মায়াভ্রম ডাকে মস্তিষ্ক। বুক নাছোড়বান্দা আশা বলে থাকে।)

চেয়েছিল?

দেখাদেখি হয়।
মুখোমুখি ইদানীং আর সাক্ষাৎ হয় না আমাদের কারোরই।
দুটি ঠোঁটের বেড়া।
মুখগুলি ঢেকে আছে হরেকরকম রঙ ও বুননের আবডালে।

হাসির প্রত্যুত্তর মেলে না, ঠং করে ঘাই ওঠে অভিমানের, থমকিয়ে মনে পড়ে, হাসিটা দেখাবার উপায় নেই আমারও, তাঁরও।

চোখাচোখি হয়।
চোখ আতিপাতি সখ্যতা উষ্ণতার অনুরণন হাতড়ে খুঁজে চলে। 
দুটি চোখের তারা।
অব্যাহত নির্দিষ্ট দূরত্ব অসহায় নিষেধাজ্ঞার তরঙ্গ মেলে।

দেশের দশের নানা মাপের মসীহ্‌ সাজার সূত্রে অম্বল,
মধ্যেমধ্যে অসূয়া দ্বেষ আর দেখনদারির চোঁয়া ঢেকুর ওঠে, আমারও, তাঁরও।

এই অবসর এই অবকাশ চেয়েছিল সে?
আমিও!

তুইই বল!

অনেক দূরের জন্ম থেকে গন্ধ বিলোয় খোঁপার ফুল।
রঙিন ঘোরে ঘিরছে আনখ জ্বলন্তমোম জোছনা রাত।
আকুল ভুলের জন্ম দিল শিরশিরানি ঝুমকো দুল!
এখন কি আর সম্পর্কেরা সুতোয় বাঁধা জন্ম সাত?

শিমুল পলাশ সেই বিহানে রডোডেনড্রন মাতাল দিক।
মুঠো ধুকপুক হৃদকমলে পা বাড়ানোর অচিন ভয়।
আজ রাখলি আজব দাবী (সে) কৃষ্ণচূড়া ফিরিয়ে নিক!
বিনিসুতোর মালায় কি সবার চিরকালীন রাজ্যি হয়?

এত আলো এত আকাশ নিটোল প্রেমের জমাট দাগ।
মুহূর্ত যেই পেরিয়ে গেল মৃত্যু দাগের আধখানা পল।
বোকাইচণ্ডী বুঝতে হয় রে কানাকড়িতে বিকোয় রাগ!
বড্ড ক্ষুদে স্মৃতির দেরাজ ; কোথায় রাখি, তুইই বল?

নাগর জীবন না-ঘর জীবন সুর-বেসুরো জোড়ের গান।
নগর যাপন মালুম না পাক, অশ্রুসজল তোফাই স্নান।

হাঘরে

দিনগুলো ঘোলাটেপারা ঠেকছে।
কেটে সাফ কৃষ্ণচূড়ার শিকড়ে হোঁচট পা-টা বাড়ালে।
তোমায় মনে পড়ছে।

রাতগুলো ধূসর তাঁবুতে মুড়ছে।
ফর্দাফাই আবিরের ঠোঙাপচা গন্ধ গুমোট বাড়ালে।
তোমায় মনে পড়ছে।

একসময় রঙ দোল এলে, তুমি নিশ্চিত আসতে।

বসন্তই সম্ভবতঃ, নামটা তোমার।
নয়?

ইদানীং আমরা অভ্যস্ত নানা উচ্ছিষ্টের যাতায়াতে।

হাঘরে সম্ভবতঃ, নাম আমাদের।
নয়?

অক্ষম প্রাণ

এঁরা কেউ কথা রাখেনি।
সুতলির গিঁটে বাধা অক্ষম প্রাণ, টান পড়লেই ছিঁড়ে যায়।  কথা রাখবেই বা কী করে!
রাখতে পারেনি।
তুমি কথা দিয়ে রেখেছ আমাদের। মনে আছে তো?
সে কথা রেখো।

ওঁদের কিন্তু অমৃতলোকেই রেখো।

Monday, February 24, 2020

শিকড়

বিমান তার পায়ের পাতাদুটি মাটি থেকে যেইমাত্র আলতো উঠিয়ে নেয়, হাউমাউ কান্না পায়।
সবসময়ই এমন নয় যে রওনা হওয়া অভ্যস্ত জিরেতের বাইরে, এমনও নয় যে বহু বহু কাল পরে ফেরার সময় মিলবে। এমনকি হয়তো ফেরাই হচ্ছে সাম্প্রতিক নিজভূমে।
তবুও কান্না ডাকে। হু হু করে ওঠে পাঁজরার খাঁচা।
বোধকরি মাটির অমোঘ টান হল এই।

পায়ের তলার মাটি বড় মহার্ঘ বস্তু হে।
প্রতিটি উদ্বাস্তু অস্তিত্ব রক্তকণায় বয়ে চলে ওই নাছোড় মাটিটুকু আঁকড়ে থাকার তীব্র পিপাসাটা। প্রজন্মের পর প্রজন্ম হতভম্ব উত্তরাধিকারী সেই তেষ্টার।
কী ভীষণ প্রেম! কী ভীষণ বিতৃষ্ণা!

আসলে শিকড় সাপের চলন অভ্যাস করে।
আসলে শিকড় জিনের কথন গ্রাস করে।
শিকড় বড় অভিমানী। শিকড় বড় ক্ষমতাধর।

মহার্ঘ্য দাবী রেখে গিয়েছে সবকটি পা এবং বুকের ক্ষতচিহ্ন। অফেরতযোগ্য।
উজিরপুরে বাস্তুসাপের খোলস কাগজী লেবুগাছে শুয়ে থাকে অসহায়। আসামী হেমন্তের চোখ জ্বলে। রাগী চোখ এড়িয়ে জল ঝরে।

শূন্য করোটি আরও শূন্য বাতাসকে পথ জোগায়।
বায়ুভূক নিরালম্ব মুখস্থ বলে আজন্মের অঙ্গীকারনামা।

ছেলেটা চলে গেছে অগম্য দূর পার।

Tuesday, February 4, 2020

আদৌ?

রোগা নদীটা সাঁঝ গড়ালেই রামধনু রঙ রেশম শাড়ি আজও পরে।
কতকাল হয়ে গেল বল দেখি, কাছাকাছি বসে থাকিনা জল-ছুঁই ঘাটের পৈঠায়।
অনিন্দ্য নৈঃশব্দ্য।

চিলতে আকাশটা আলো দেখলেই তুঁতে চন্দন জামেওয়ার শাল আজও জড়ায়।
কতযুগ পার হল ভেবে দেখ, পাশাপাশি হেঁটে পেরোই না ভোর-ছুঁই সাঁকোর জমি।
অলঙ্ঘ্য নৈকট্য।
...

কিন্তু এটা তো তুমি মানবে বল,
আমরা তো কোনও এককালে এসবই করতুম কেবল।
খুব রকমেই করতুম, কি না?

মনে পড়ে? আমারই কি পড়ে আদৌ?
...

আজকাল কেবল একটা বিরাট চাদর পেঁচিয়ে প্রেতের মতন চলাফেরা করে থাকি। 
বড্ড ভারী ধরণের কালচে রঙ সেটার।
নাকটা কেবল বেরিয়ে আসে। আরও ভারী গন্ধ টানে।
ঘন জমাট অভিমান।
অভেদ্য। অচ্ছেদ্য।
...

আরেকটি সত্য গন্ধেরও ঝাপটা টের পাই,
অল্পে অল্পে খুইয়ে ফেলছি আমাদের দামী সকলটুকু।
সামান্য হলেও পাচ্ছ নিশ্চয়, নয়?

বোঝ তুমি? আমিই কি বুঝি আদৌ?