Sunday, April 21, 2019

নাওটি একাই বাই

এ জীবন কবিতার নয়।
অনিবার্য অক্ষরগুলো সরিয়ে রাখি, নিষ্পন্দ। 
কৃতঘ্নকে শুধোইনি, কীকরে এমন পারলে সে!

প্রাপ্য তো কিছু থাকে না আকিঞ্চন যাপনে।
শুধে সে কৃতঋণ, সান্ত সম্বল চীর।

যাচ্ঞা , হ্যাঁ, তা আছে এক।
কেবল প্রস্থানপথ সামান্য মসৃণতর হলেই,
আভূম কৃতজ্ঞ রই।
...

এ জীবন বিবাদের নয়।
অনির্বাণ ক্ষোভেদের আড়ালে রাখি, নিশ্চল।
বঞ্চককে শুধোইনি, কীভাবে এমন করলে সে! 

ধুলোট বাঁচাটা এগোচ্ছে এক্কাদোক্কা চলনে।
দখিনা নদীমুখী, পথ নিশান স্থির।

বাঞ্ছা , হ্যাঁ, তা আছে এক।
কেবল শঠী প্রতারণা কিছুমাত্রা কম হলেই ,
নাওটি একাই বাই।

ভালই বাসিনি?

যে শোক কোনকালেই উপলব্ধি করিনি আমি তারজন্য আশরীর ছিল পিপাসা তোমার।
যে ব্যথা কোনকালেই অনুভব করনি তুমি তারজন্য আনখশির ছিল তেষ্টা আমার।

যে শোক কোনকালে কাঙ্ক্ষিত ছিল, আজ তাতেই চূর্ণ আমি।
যে ব্যথা কোনকালে ঈপ্সিত ছিল, আজ তাতেই দীর্ণ তুমি।

চূর্ণী, আমরা কি কোনদিনই অমূলক আলোয় ভাসিনি?
দীর্ণা, আমরা কি কোনদিনই অমোঘ আঘাতে হাসিনি?
ভাসিনী, সত্য বল।
আমরা কি কোনদিনও ভালই বাসিনি?

ভাষান্তর

চাঁদের কলার মত তিলে তিলে ক্ষয়ে চলে
দুজনের যাবতীয় গুনগুন কথা।
মনমরা আমিগুলো বিজগুড়ি কাটে, কাতরায়।

একরাশ ফোস্কায় বন্দী পুরোনো সুখের সময়।

ক্রমাগত ঝুঁকে ঝুঁকে আজকাল ঈগলুর বাসিন্দা প্রায়
ন্যূনতম বিচারের বোধ।
তবু ফিনিক্সের যমজ এই চাঁদ বাঁচে, সাঁতরায়।

আচ্ছা, একবার ভাষান্তর ঘটানো যাক?

Tuesday, April 16, 2019

পাচ্ছি না

ফিকে গুঞ্জন প্ল্যাটফর্মে মাকড়সার দাঁড়ায় ভরা ন্যাড়া গাছের পাশ দিয়ে ট্রেন এগোয়।
সবজেটে পূঁজের খাল পাড়ে অ্যাবানডন্ড কেবিন হাউজের পাশ দিয়ে ট্রেন এগোয়।

আয়নার সামনে দাঁড়াই।

এত বৃষ্টির ধার এত বৃষ্টির ছাট
কিচ্ছু দেখতে পাচ্ছিনা।

Wednesday, April 10, 2019

পাঁক

মেয়েগুলো
সেতু খুঁজে চলে অবেলায় গাঁথা গুম কথাদের মোড়ে,
বিকেল আলোয় বিগতশোভনা নটী সাজা খেলো ঘোরে।
মেয়েগুলোর
নষ্ট ঠোঁটের দিব্যি দিলাশা ছিঁড়ে নেয় চোখা দাঁত,
বেওয়ারিশ ঘোলা রক্ত ও রসে কুলকুচি করে রাত।

ছেলেগুলো
বীভৎস এক বিষণ্ণ ক্ষোভে খেউড় স্রাবী তোড়ে,
মানু‌ষের যত আকুল আদর থেঁতলে পিষছে জোরে।
ছেলেগুলোর
ফুটিফাটা থাইয়ে মুখ ঘষটায় মেহেন্দী রচা হাত।
ঘণ্টা প্রতি তূরীয় বাঁচায় গোটা ঠেক আজ মাত।
...
আমাদের
আড়চোখে জ্বলা লেহন লুকাই,
বাক্! বোল্ !
বাহারে দেখ না সব ঊর্ধরেতঃ দাঁড়কাক।
আমরা
সন্ততি যত আঁচলেতে ঢাকি,
ওয়াক্ ! থুঃ!
আদিম তড়াগে ঠাঁই গা ঘিনঘিনে যত পাঁক।

সন্ধ্যাগাছ

ব্যর্থ প্রেম জড়িয়ে আছে হুতাশ বিকেলের আঙুলে।
ফণিমনসার কুঁড়ি মেখে আছে উদগ্র নিশির ডাক।

প্রান্ত-ঠাঁই নিমফুলে সান্ত্বনার খোঁজ উদ্বাস্তু আলকুশি বীজের।
হিংসুক হাগড়া হাতায় নিরিবিলি গর্ভ পাতে মধুমেওয়া ফল।

খুড়াকাঁটা স্পর্শে যন্ত্রণাদীর্ণ প্রত্যেকেই আজ
মনমরা নক্ষত্র ছুঁয়ে,
এক একটি সন্ধ্যাগাছ।

একটু

মুহূর্তেরা সদ্য গ্রন্থিবদ্ধ।
রচিত মাল্যের প্রতিটি পল-পুষ্প অনির্বাণ জাগরূক।

পূর্বস্থ বাতায়ন উন্মুখ।
দিগ্বলয় লোহিতদেহী অর্ষমার সরণে ত্বিষার্চি প্লাবিত।

তৃপ্ত যূথযাপন। 
শ্রান্ত যূথচারী।
একমাত্র ঈপ্সা জাগরী :
একটু ভাল থাকি?